কক্সবাজারে ভয়াবহ আগুন
সমুদ্র পাড়ে ছুটির সকালেই মৃত্যুর আগুন, রিসোর্টে ৭ লাশ
সমুদ্রের নীল জল আর পাহাড়ঘেরা মনোরম পরিবেশে ছুটি কাটাতে এসেছিলেন পর্যটকেরা। শনিবারের সকালটাও অন্য দিনের মতোই শুরু হয়েছিল। কিন্তু হঠাৎ আগুনের লেলিহান শিখা মুহূর্তেই বদলে দেয় পুরো দৃশ্যপট। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন রিসোর্টে থাকা অতিথিরা। পরে একে একে মিলতে থাকে মরদেহ।
কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভ সংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও ৫ জনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন রিসোর্টের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। ঘন ধোঁয়া ও আগুনের তীব্রতায় সৃষ্টি হয় ভয়াবহ পরিস্থিতির।
খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টার পর সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপরই শুরু হয় রিসোর্টের ভেতরে আটকে পড়া ব্যক্তিদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান।
আগুন নিয়ন্ত্রণে, শুরু হয় মরদেহ উদ্ধারের অভিযান
আগুন নিয়ন্ত্রণে আসার পর রিসোর্টের বিভিন্ন কক্ষ ও অংশে তল্লাশি চালান উদ্ধারকর্মীরা। ধ্বংসস্তূপের ভেতর থেকে একে একে মরদেহ উদ্ধার হতে থাকে।
ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে প্রথমে ৫ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিরা পর্যটক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।
পরে মোট মৃতের সংখ্যা ৭ জনে দাঁড়ানোর খবর পাওয়া যায়। একই সঙ্গে রিসোর্টে অবস্থান করা আরও পাঁচজনের সন্ধান না পাওয়ায় উদ্বেগ আরও বেড়েছে।
উদ্ধারকর্মীরা আশঙ্কা করছেন, ধ্বংসস্তূপের ভেতরে আরও কেউ আটকা পড়ে থাকতে পারেন। ফলে উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডে মোট হতাহতের সংখ্যা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণও নিশ্চিত হওয়া যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হলো, মুহূর্তের মধ্যে তা কীভাবে রিসোর্টের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ল-এসব প্রশ্নের উত্তর খুঁজছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়রা বলছে, রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের তীব্রতার কারণে উদ্ধারকর্মীদেরও বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে।
অগ্নিকাণ্ডের সময় রিসোর্টে ঠিক কতজন অতিথি অবস্থান করছিলেন, তাদের মধ্যে কারা নিরাপদে বের হতে পেরেছেন এবং কারা নিখোঁজ এসব তথ্য এখনো পাওয়া যায়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, অগ্নিকাণ্ডে একাধিক ব্যক্তির মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে ঠিক কতজন পর্যটক মারা গেছেন, তা নিশ্চিত হতে আরও সময় লাগবে।
অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল থেকে চলে গেছেন বলে জানা গেছে। তাদের এমন অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।
আগুন লাগার সময় রিসোর্টে দায়িত্বে কারা ছিলেন, অতিথিদের নিরাপদে সরিয়ে নিতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল, জরুরি বহির্গমন ব্যবস্থা ছিল কি না-এসব বিষয়ও এখন সামনে আসছে।
তবে এসব বিষয়ে রিসোর্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
উদ্ধারকর্মীরা রিসোর্টের বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। প্রতিটি কক্ষ ও ক্ষতিগ্রস্ত স্থান পরীক্ষা করা হচ্ছে। উদ্ধার অভিযান পুরোপুরি শেষ হওয়ার পরই স্পষ্ট হবে এই অগ্নিকাণ্ডে প্রকৃতপক্ষে কতজন প্রাণ হারিয়েছেন এবং কতজন আহত হয়েছেন।
পর্যটননগরী কক্সবাজারে ছুটির দিনে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড শুধু স্বজনহারা পরিবারগুলোর জন্যই নয়, নিরাপদ পর্যটন ব্যবস্থাপনা নিয়েও নতুন করে বড় প্রশ্ন সামনে এনেছে।
তাসু/চখ