ধর্ম যার যার, নিরাপত্তা সবার—দুর্গাপূজার শুভেচ্ছায় প্রধানমন্ত্রী
হিন্দু সম্প্রদায়কে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার—রাষ্ট্র সবার। ধর্ম যার যার—নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। এসময় ধর্মীয় সম্প্রীতি ও সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণও সব ধর্মের অন্যতম প্রধান শিক্ষা। নিজ নিজ ধর্মীয় বিধান ও সংস্কৃতি চর্চার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রেখে সমাজে শান্তির পরিবেশ বহাল রাখা সবার জন্য জরুরি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নিজ নিজ ধর্ম পালন করছেন। এটি দেশের আবহমান ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ এবং সংস্কৃতির সৌন্দর্য। ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিভিন্ন ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের মানুষের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়।
তিনি বলেন, হাজারো প্রাণের বিনিময়ে ফ্যাসিস্টের বিতাড়নের পর এবার বাংলাদেশ পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। শুরু হয়েছে বাংলাদেশ পুনর্গঠনের বিশাল কর্মযজ্ঞ।
দল, মত, ধর্ম ও বর্ণনির্বিশেষে সব নাগরিকের জন্য কল্যাণমূলক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠাকে সরকারের অঙ্গীকার হিসেবে উল্লেখ করেন তিনি।
বাণীতে দুর্গাপূজার তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, হিন্দুধর্মমতে জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা মর্ত্যলোকে আসেন এবং ভক্তদের কল্যাণ সাধন করেন। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবকে অনন্য তাৎপর্য দিয়েছে।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আপনারা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নিশ্চিন্তে-নিরাপদে সারা দেশে উৎসব উদ্যাপন করুন। আপনাদের আবারও শুভেচ্ছা।’
ফরিদা|চখ