chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিশ্ববাজারে তেলের দর আরও কমলো

একদিকে মধ্যপ্রাচ্যের সংঘাত বৃদ্ধির কারণে সরবরাহ নিয়ে আশঙ্কা অন্যদিকে বিশ্বের ‘শ্যাডো ফ্লিট’ বা গোপনে পরিচালিত তেলবাহী ট্যাংকারগুলোর ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনায় তেলের বাজার নিয়ে আশাবাদী হয়ে উঠছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বিশ্ববাজারে তেলের দাম আরও কিছুটা কমেছে।

রয়টার্স জানিয়েছে, শুক্রবার সকালে ফিউচার মার্কেটে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড ১০৫ দশমিক ৫১ ডলারে বিক্রি হয়, এই দর আগের তুলনায় ৪১ সেন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ কম। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৫৪ সেন্ট বা শূন্য দশমিক ৫৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৪৩ ডলারে নেমে আসে।

যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়ায় বৃহস্পতিবার ডব্লিউটিআইয়ের দাম ৩ শতাংশের বেশি বেড়ে লেনদেন শেষ হয়। অন্যদিকে, ব্রেন্ট ক্রুডের দামে তেমন পরিবর্তন হয়নি।

বৃহস্পতিবার আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বাজারে ২ কোটি ব্যারেলের বেশি ডিজেল ছাড়ার বিষয়ে সম্মত হয়। পাশাপাশি, সরবরাহ বাড়ানো ও আকাশচুম্বী দাম কমাতে গত মার্চে ঘোষিত রেকর্ড পরিমাণ জরুরি তেলের মজুত থেকে অবশিষ্ট তেলও বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

শুক্রবারের এক প্রতিবেদনে হাইটং ফিউচার্স জানায়, আগের লেনদেন পর্বে রাতারাতি তেলের দাম বেড়ে যাওয়া ইঙ্গিত দেয় যে এসব পদক্ষেপে বিনিয়োগকারীরা সন্তুষ্ট নন।

প্রতিবেদনে বলা হয়, “মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমলেই তেলের বাজারে প্রকৃত অর্থে স্বস্তি ফিরতে পারে।”

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়া, ইরান ও ভেনেজুয়েলাসহ বিভিন্ন দেশ থেকে তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য পরিবহনকারী কথিত ‘শ্যাডো ফ্লিট’-এর কিছু ট্যাংকারের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বিশ্বজুড়ে পণ্য পরিবহনের ভাড়া রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর তা কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ বিবেচনা করা হচ্ছে।

এর কয়েক দিন আগে রুশ ডিজেল জ্বালানির ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ইউরোপের বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্রের সিনেটে ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির কয়েকজন সদস্য।

এদিকে, সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত তীব্র হওয়া এবং ওই অঞ্চলে জাহাজে নতুন করে হামলার ঘটনা তেলের দামকে সমর্থন জুগিয়েছে।

গত ১০ দিনে ওই নৌপথের আশপাশে জাহাজে হামলার ঘটনা বেড়েছে। ইরান বলেছে, তাদের বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ এবং গত মাসে আরোপ করা কঠোর নিষেধাজ্ঞার জবাবে তারা হামলা জোরদার করছে।

বৃহস্পতিবার ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে প্রেসিডেন্ট প্রাসাদ কমপ্লেক্স লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথি বিদ্রোহীরা। এতে দুই নিরাপত্তারক্ষী নিহত হন। একই সময়ে ইয়েমেনে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দেশটির বিভিন্ন অবকাঠামোয় হুথিদের চালানো কয়েক ডজন হামলার বিবরণ প্রকাশ করে।

ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর