পার্কিং অরাজকতা ও যানজট রোধে সিডিএর কঠোর পদক্ষেপ
পার্কিং অরাজকতা ও যানজট রোধে সিডিএর কঠোর পদক্ষেপচট্টগ্রাম নগরীতে ডায়াগনস্টিক সেন্টার, বেসরকারি স্কুল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকেন্দ্রিক সড়কগুলোতে শৃংখলা ফেরাতে কঠোর অবস্থানে নেমেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
সিডিএর বারবার তাগিদ ও নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার পরও পার্কিং ব্যবস্থার উন্নয়ন না করায় এবং যানজট সৃষ্টির দায়ে নগরীর চারটি প্রতিষ্ঠান ও ভবন মালিককে মোট ৯২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ লাখ, আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলকে ৪৫ লাখ, উৎসব সুপার মার্কেটকে ৫ লাখ এবং খান ব্রাদার্স পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে আরেকটি বেসরকারি স্কুলকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে সংস্থাটির ভ্রাম্যমাণ আদালত।
সিডিএ সূত্রে জানা যায়, নগরীর প্রধান প্রধান সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এবং নিজস্ব পার্কিং সুবিধা না থাকায় সৃষ্ট তীব্র যানজট নিরসনে সম্প্রতি বিশেষ অভিযান শুরু করে সিডিএ। এর অংশ হিসেবে গত বুধ ও বৃহস্পতিবার (১৪ ও ১৫ অক্টোবর) নগরীর মেহেদীবাগ ও পাঁচলাইশ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, পর্যাপ্ত সময় দেওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানগুলো পার্কিংয়ের অবকাঠামোগত কোনো দৃশ্যমান পরিবর্তন আনেনি। পরে সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজিমের নেতৃত্বে পরিচালিত সংক্ষিপ্ত বিচার আদালত এসব জরিমানা আদায় ও আদেশ প্রদান করেন।
ইবনে সিনাকে ৪০ লাখ ও পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা
মেহেদীবাগ থেকে মির্জাপোল পর্যন্ত সড়কে সেবাগ্রহীতা ও সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে গত ৬ আগস্ট ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার সরেজমিনে পরিদর্শন করেছিলেন সিডিএ চেয়ারম্যান। সে সময় পার্কিং ব্যবস্থার প্রয়োজনীয় সংশোধনের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয় এবং ১০ সেপ্টেম্বর সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করা হয়।
তবে নির্দেশের দুই মাসের বেশি সময় পার হলেও কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় মঙ্গলবার পুনরায় পরিদর্শনে যান সিডিএ চেয়ারম্যান। ডায়াগনস্টিক সেন্টারটির অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করার পর বুধবার (১৪ অক্টোবর) পরিচালিত অভিযানে ইবনে সিনা কর্তৃপক্ষকে ২০ লাখ টাকা এবং ভবন মালিককে আরও ২০ লাখ টাকা—মোট ৪০ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সড়কের শৃঙ্খলায় ব্যাঘাত ঘটানোয় সংলগ্ন খান ব্রাদার্স পেট্রোল পাম্পকেও ২ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
আল হিদায়াহ স্কুলকে ৪৫ লাখ ও উৎসব মার্কেটকে ৫ লাখ টাকা জরিমানা
একই অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নগরীর পাঁচলাইশ এলাকায় অভিযান চালায় সিডিএ। সেখানে রাস্তা দখল ও যানজট তৈরির অভিযোগে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষকে ২০ লাখ টাকা এবং ভবন মালিককে ২৫ লাখ টাকা সহ মোট ৪৫ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই এলাকার উৎসব সুপার মার্কেটকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। সিডিএ জানিয়েছে, পূর্বে অনুষ্ঠিত বৈঠকে তাদের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হলেও পার্কিং সমস্যার সমাধানে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি দেখায়নি তারা। তবে অভিযানকালে একই এলাকার ‘ফ্রোবেল প্লে স্কুল’ কর্তৃপক্ষের পার্কিং পর্যবেক্ষণ তুলে ধরে সতর্ক করা হয়েছে এবং দ্রুত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
‘আইন সবার জন্য সমান’
নগরীকে যানজটমুক্ত ও বাসযোগ্য করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিডিএ কর্তৃপক্ষ। সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, “আইন মানা সবার জন্যই বাধ্যবাধকতা। হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে সেবা নিতে এসে অনিয়ন্ত্রিত পার্কিংয়ের কারণে সাধারণ নগরবাসীকে ভোগান্তিতে পড়তে দেওয়া যাবে না। বারবার তাগিদ ও সতর্ক করার পরও যারা কথা শুনছেন না বা সংশোধন হচ্ছেন না, তাদের বিরুদ্ধেই আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।”
সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজিম জানান, নগরীর অন্যান্য সড়ক ও বাণিজ্যিক এলাকাগুলোতেও পর্যায়ক্রমে এ নজরদারি চালানো হবে। নির্ধারিত সময়ে পার্কিং ও যানজট নিরসনে পদক্ষেপ না নিলে যেকোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধেই এ ধরনের কঠোর আইনি সিদ্ধান্ত নেওয়া হবে।
ফরিদা|চখ