ফুলকলির পরিচালকদের বিরুদ্ধে মামলা শ্রমিকদের অধিকার লঙ্ঘনের অভিযোগ
চট্টগ্রামের বেকারি ও মিষ্টান্ন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফুলকলি ফুড প্রোডাক্টসের পরিচালকদের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।
শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র না দেওয়া, ন্যূনতম মজুরি বাস্তবায়ন, অতিরিক্ত কাজের মজুরি এবং ছুটির সুবিধা নিয়ে অনিয়মের অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর দ্বিতীয় শ্রম আদালতে মামলাটি করা হয়। মামলা নম্বর ৬৬/২৬। মামলায় ফুলকলির বাকলিয়ায় অবস্থিত কারখানা পরিদর্শনে শ্রম আইন ও বিধিমালার বিভিন্ন বিধান অনুসরণ না করার বিষয় উঠে আসে। অনিয়ম সংশোধনের জন্য একাধিকবার নোটিশ ও তাগিদপত্র দেওয়া হলেও সন্তোষজনক ব্যবস্থা না নেওয়ায় শেষ পর্যন্ত আইনি পদক্ষেপ নেয় অধিদপ্তর।
প্রতিবেদনে বলা হয়, গত ৫ জানুয়ারি কারখানাটি পরিদর্শন করেন শ্রম পরিদর্শকেরা। পরে ২৩ ফেব্রুয়ারি অনিয়ম সংশোধনের জন্য নোটিশ দেওয়া হয়। ৪ আগস্ট পুনরায় পরিদর্শনে আগের অনিয়মের পাশাপাশি আরও কিছু ঘাটতি পাওয়া যায়। এরপর ১৭ আগস্ট প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক ও মহাব্যবস্থাপকের কাছে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার জন্য তাগিদপত্র পাঠানো হয়। কিন্তু অভিযোগগুলোর সন্তোষজনক সমাধান না হওয়ায় মামলা করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শ্রম অধিদপ্তরের পরিদর্শনে উঠে আসা অভিযোগের মধ্যে রয়েছে শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র না দেওয়া, সার্ভিস বই ও ছুটির রেজিস্টার সংরক্ষণে ঘাটতি, অতিরিক্ত কাজের মজুরি পরিশোধ না করা এবং সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন না করা।
এ ছাড়া সাপ্তাহিক ছুটি, ক্ষতিপূরণমূলক ছুটি এবং অর্জিত ছুটির হিসাব ও প্রাপ্য সুবিধা নিয়েও অনিয়মের অভিযোগ রয়েছে। প্রতিবেদনে শ্রমিকদের বরাত দিয়ে বলা হয়েছে, চুক্তিভিত্তিক মজুরিতে কোনো কোনো ক্ষেত্রে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হয়।
অসুস্থতা বা অন্য কারণে কাজে অনুপস্থিত থাকলে সেদিনের মজুরি না পাওয়া এবং সাপ্তাহিক ছুটি নিলে মজুরি কেটে নেওয়ার অভিযোগও তুলেছেন তাঁরা। কারখানার কর্মপরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা নিয়েও বিভিন্ন ঘাটতির কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জরুরি বহির্গমনপথ যথাযথভাবে চিহ্নিত না করা, অগ্নিনিরাপত্তা মহড়ার নথি দেখাতে না পারা, বৈদ্যুতিক ওয়্যারিংয়ের উপযুক্ততার সনদ উপস্থাপনে ব্যর্থতা এবং শ্রমিকদের কর্মঘণ্টার নোটিশ যথাযথভাবে প্রদর্শন না করার অভিযোগ।
শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা মালিকপক্ষের দায়িত্ব। তাই অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং শ্রমিকদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ বিষয়ে ফুলকলি ফুড প্রোডাক্টস এর জেনারেল ম্যানেজার এম এ সবুর বলেন, কলকারখানা পরিদর্শন অধিকার আমাদের বিরুদ্ধে যে অভিযোগ এনে মামলা করেছেন এটাও তাদের বিষয়। কিন্তু আইন সবার জন্যই আছে।
আমরাও আমাদের পক্ষ থেকে আইনিভাবে উত্তর দিবো। তবে আমরা এখনো কোনো নোটিশ পাইনি। পেলে সে বিষয়ে ভাববো। আইনের প্রতি আমাদের সম্মান আছে। যদি মামলা হয় তো সবই আইন অনুযায়ী হবে।