আগামী বুধবার পর্যন্ত স্থগিত সাজেক সড়কের অবরোধ
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন ভ্যালী সড়কে ডাকা অনিদিষ্টকালের অবরোধ শুক্রবার ১৬ অক্টোবর থেকে আগামী বুধবার ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) সন্ধ্যায় সাজেক কার্বারী এসোসিয়েশন সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিজ্ঞপ্তিতে এই সড়ক অবরোধ স্থগিতের কথা জানান। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের প্রতি সম্মান প্রদর্শন করে ১৬-২১ অক্টোবর পর্যন্ত সাজেকে সড়ক অবরোধ স্থগিত করেছে বলে উল্লেখ্য করা হয়। সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে নেতৃদ্বয় বলেন, বৃহস্পতিবার থেকে সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাজেক মাচলং বাজারেও এই উৎসব পালন করা হবে। তাই সাজেক মাচলং বাজার পূজা উদযাপন কমিটির অনুরোধে এবং এই ধর্মীয় উৎসবকে যথাযথ মর্যাদা ও সম্মান জানিয়ে দুই সংগঠনের ডাকা সড়ক অবরোধ ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ আরো বলেন, দুই সংগঠনের এই অবরোধ কর্মসূচি কোন দলের প্রভাবে পালন করা হচ্ছে না কিংবা কোন জাতি, ধর্ম, বর্ণ মানুষের বিরুদ্ধেও নয়। এই কর্মসূচি সাজেকবাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষার্থে ডাকা হয়েছে। বিবৃতিতে নেতৃদ্বয় কোনো প্রকার কালক্ষেপণ না করে অতি দ্রুত দুই সংগঠন ও সাজেকবাসীর তিন দফা দাবি বাস্তবায়ন করে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।
মআ/চখ