চট্টগ্রামে পাঠানোর পথে নিষিদ্ধ প্রসাধনীসহ কোটি টাকার পণ্য জব্দ
চট্টগ্রামে পাঠানোর পথে ভায়াগ্রা, আমদানি-নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম, বিদেশি সিগারেট ও পুরোনো ল্যাপটপসহ ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। আকাশপথে দেশে আনার পর ডাক বাছাই কেন্দ্র ও রেলপথ ব্যবহার করে এসব পণ্য চট্টগ্রামে পাঠানোর চেষ্টা চলছিল বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আল আমিন জানান, গত ১৩ ও ১৪ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং কমলাপুর রেলওয়ে স্টেশনের ফরেন পোস্ট অফিসে পৃথক অভিযান চালানো হয়।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে আসা জাহাঙ্গীর নামের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ভায়াগ্রা ও ইনসুলিনসহ প্রায় ৫৫ কেজি ওষুধ জব্দ করা হয়। যথাযথ নিয়মে সংরক্ষণ না করা হলে এসব ওষুধ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
এর আগে ১৩ অক্টোবর কমলাপুর রেলওয়ে স্টেশনের ফরেন পোস্ট অফিসে অভিযান চালিয়ে ৭ হাজার ৭৮৭ পিস আমদানি-নিষিদ্ধ ‘গৌরী ক্রিম’ এবং বিপুল পরিমাণ ব্যবহৃত ল্যাপটপ জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক রুটে আকাশপথে দেশে আনার পর বিমানবন্দরের ডাক বাছাই কেন্দ্র ও কমলাপুর রেলওয়ে মেইল সার্ভিস সেন্টার হয়ে এসব পণ্য চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসে (জিপিও) পাঠানোর চেষ্টা চলছিল।
দুই দিনের অভিযানে সব মিলিয়ে জব্দ করা হয়েছে ৫৩১ কার্টন বিদেশি সিগারেট, ৭ হাজার ৭৮৭ পিস নিষিদ্ধ গৌরী ক্রিম, ৬৪ দশমিক ১৮ কেজি নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম, ৬৮ কেজি অন্যান্য প্রসাধনসামগ্রী, ৫৫ দশমিক ৮ কেজি অবৈধ ওষুধ, ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার, ৩২টি পুরোনো ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন ও ১৭ লিটার মদজাতীয় পানীয়।
এনবিআর জানিয়েছে, সরকারি রাজস্ব সুরক্ষা, জনস্বাস্থ্য রক্ষা এবং অননুমোদিত ওষুধের অবৈধ বাণিজ্য প্রতিরোধে বিমানবন্দর, ডাক বাছাই কেন্দ্র ও রেলপথে নজরদারি ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।
তাসু/চখ