চোরাই বাইকচক্রের ৪ সদস্য গ্রেফতার, ৬ মোটরসাইকেল উদ্ধার
চট্টগ্রাম মহানগরী ও আশপাশের বিভিন্ন জেলায় সক্রিয় আন্তঃজেলা বাইক চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে নগরীর কোতোয়ালী থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে চুরি যাওয়া ৬টি মোটরসাইকেল, ১টি বাইসাইকেল এবং ২টি স্মার্টফোন উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— আব্দুর রহমান ওরফে সুমন (২৭), মাইনুদ্দিন মুরাদ (২৭), শাহাদাত হোসেন (৩০) এবং আবু হুরায়রা (৩০)।
পুলিশ জানায়, গত ১২ অক্টোবর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিআরবি কাঠের বাংলো এলাকায় অভিযান চালিয়ে প্রথমে আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলার মীরসরাই, জোরারগঞ্জ এবং নোয়াখালীর সুধারাম থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালায় পুলিশ।
অভিযানে মীরসরাইয়ের মিঠানালা থেকে মাইনুদ্দিন মুরাদকে ১টি হোন্ডা লিভো মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যে মিঠানালার একটি পরিত্যক্ত ঘর থেকে আরও ১টি ইগনিটর ১২৫ সিসি বাইক উদ্ধার করা হয়। একই দিন জোরারগঞ্জের ইছাখালী থেকে শাহাদাত হোসেনকে ১টি হিরো স্প্লেন্ডার বাইকসহ গ্রেফতার করে পুলিশ।
পরবর্তীতে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে নোয়াখালীর সুধারাম থানাধীন এওয়াজ বালিয়া এলাকায় অভিযান চালিয়ে আবু হুরায়রাকে গ্রেফতার করা হয়। সেখানে পাওয়া যায় ১টি গ্ল্যামার ১২৫ সিসি ও ১টি হোন্ডা ড্রিম নিও মোটরসাইকেল। সবশেষে গত ১৩ অক্টোবর রাতে সুধারামের হাকিমপুর এলাকার একটি বাড়ি থেকে আরও ১টি ইয়ামাহা সালুটো মোটরসাইকেল উদ্ধার করে আভিযানিক দল।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহেদুল কবির জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরীসহ বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে মীরসরাই, জোরারগঞ্জ ও সুধারাম এলাকায় মজুত করে আসছিল।
পুলিশ আরও জানায়, গ্রেফতার আব্দুর রহমানের বিরুদ্ধে চুরি ও বিশেষ ক্ষমতা আইনে ৪টি এবং শাহাদাত হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ ২টি মামলা রয়েছে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় পেনাল কোডের ৪১১ ধারায় একটি নতুন মামলা (মামলা নং- ৪২) রুজু করা হয়েছে।
ফরিদা|চখ