chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভাই-বোনের মায়ার বন্ধন নিয়ে হৃদয়স্পর্শী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

ভাই-বোনের নিখাদ ভালোবাসা, আত্মিক বন্ধন এবং সামাজিক অবহেলা ও নির্যাতনের নির্মম পরিণতি নিয়ে নির্মিত হয়েছে একটি সামাজিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এতে দুই ভাই-বোনের মধুর সম্পর্কের পাশাপাশি সমাজের নানা প্রতিকূলতা কীভাবে তাদের জীবনকে এক হৃদয়বিদারক পরিণতির দিকে ঠেলে দেয়, তা তুলে ধরা হয়েছে।

গল্পে দেখা যায়, সমাজের হেয়প্রতিপন্ন আচরণ ও নানা বঞ্চনা সহ্য করে বেড়ে ওঠে দুই ভাই-বোন। দারিদ্র্য ও নির্মম নির্যাতনের মধ্যেও ভাইয়ের কাছে ছোট বোনই ছিল সবচেয়ে আপন। বখাটেদের হাত থেকে বোনকে রক্ষা করতে অল্প বয়সেই তার বিয়ে দিয়ে দেয় ভাই। অথচ তার স্বপ্ন ছিল, বোনকে পড়াশোনা করিয়ে একজন চিকিৎসক হিসেবে গড়ে তোলা।

বোনের প্রতি গভীর ভালোবাসা থেকে তার স্বপ্ন পূরণের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় ভাই। কিন্তু বখাটেদের দৌরাত্ম্যের কাছে শেষ পর্যন্ত সেই চেষ্টা ব্যর্থ হয়। বিয়ের পরও বোনের জীবনে নেমে আসে আরও অন্ধকার। মাদকাসক্ত স্বামী ও শাশুড়ির অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনে হারিয়ে যায় তার জীবনের সব আনন্দ। একপর্যায়ে এই নির্মম বাস্তবতার মধ্য দিয়েই করুণ পরিণতি ঘটে দুই ভাই-বোনের মায়া ও ভালোবাসার সম্পর্কের।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নারী নির্মাতা নাসরিন আক্তার। সহ-পরিচালনায় রয়েছেন সীমান্ত বড়ুয়া এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সায়েম উদ্দীন। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন মো. ফয়েজ।

চলচ্চিত্রটির নেপথ্য কারিগরদের মধ্যে রয়েছেন রচনা ও গীত রচনায় শাহীন চৌধুরী, সুরকার ফুয়াদ নাছির বাবু এবং কণ্ঠশিল্পী মো. সেলিম ও তামান্না তুমি।

এতে অভিনয় করেছেন রুদ্র তালুকদার, রাবেয়া জামান এঞ্জেলস, পাভেল, সুনীল ধর, হেমা বড়ুয়া, মেহেদী হাসান ফয়সাল, মোশাররফ ভূঁইয়া পলাশ, গোলাম মাওলা জসীম, নাহীদ, এসবি, অনিমেষ, জাওয়াদ ফাহিম, অঙ্কন বড়ুয়া, ফাহিম, জহীর, তানভীর, বীনা দাস, জেমিমা খান ও দেবদুহিতা প্রমুখ। শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছে সায়ন্তী, আদ্রীয়ান, আরোহী ও কথা।

নির্মাতাদের প্রত্যাশা, চট্টগ্রামের স্থানীয় নির্মাতাদের এই কাজ দেখতে দর্শকরা জেলা শিল্পকলা একাডেমিতে আসবেন এবং তাঁদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবেন। দর্শকদের এই সমর্থন ভবিষ্যতে আরও ভালো কাজ নির্মাণ এবং সৃজনশীলতার পথে এগিয়ে যেতে তাঁদের অনুপ্রাণিত করবে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর