সাংবাদিক সুলতান আশরাফী আর নেই, সিইউজের শোক
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ, প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টায় নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
কয়েক দিন আগে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় নগরীর দেবপাহাড়স্থ জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জোহরের নামাজের পর বাঁশখালী উপজেলার মধ্যম সরল বাইতুর রহমান জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, সহকর্মী সাংবাদিক, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সুলতান আহমেদ আশরাফী তিন দশকেরও বেশি সময় ধরে দৈনিক আজাদীতে সাংবাদিকতা করেছেন। পত্রিকাটিতে তিনি সিনিয়র সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সাংবাদিকতার অঙ্গনে নিজের দক্ষতা, অভিজ্ঞতা ও পেশাদারত্বের স্বাক্ষর রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ।
এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফীর মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিকতা অঙ্গনে এক অভিজ্ঞ ও গুণী সাংবাদিকের শূন্যতা সৃষ্টি হলো। তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবন ও পেশাগত অবদান সহকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
বিবৃতিতে সিইউজে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ফরিদা|চখ