chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চমেক হাসপাতালের সামনে অভিযানে জরিমানা গুনল ডাব ও ওষুধের দোকানী

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে অননুমোদিত ওষুধ সংরক্ষণ, বেশি দামে ডাব বিক্রি এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (১১ অক্টোবর) দুপুরে নগরের চমেক হাসপাতালের সামনে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ।

এ সময় সহকারী পরিচালক মো. আনিছুর রহমানসহ অধিদপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে রাইছা মেডিকেল হলকে অননুমোদিত ভারতীয় ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। বেশি দামে ডাব বিক্রি ও ক্রয়ভাউচার দেখাতে না পারায় নয়ন (৪২) নামের এক ব্যবসায়ীকে তিন হাজার টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ভান্ডারী হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে ডাবের বেশি দাম চাওয়ার অভিযোগ করেন ক্রেতা মুহাম্মদ শহীদ। তিনি জানান, নগরের বহদ্দারহাট থেকে স্ত্রীকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা করাতে চমেক হাসপাতাল-সংলগ্ন একটি হাসপাতালে এসেছিলেন। পরীক্ষা শেষে ফেরার পথে ডাব কিনতে গেলে একটি দোকানে দাম চাওয়া হয় ১৫০ টাকা। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান দল সেখানে পৌঁছালে দাম কমিয়ে ১২০ টাকা করা হয়।

অভিযান শেষে মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, রোগীদের জন্য ডাবসহ বিভিন্ন ফলমূলের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে বেশি দামে বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানে ডাব বিক্রিতে অনিয়ম পাওয়ায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাইছা মেডিকেল হলে অননুমোদিত ওষুধ পাওয়ার বিষয়ে তিনি বলেন, প্রতিষ্ঠানটিতে ড্রাগ রেজিস্ট্রেশন (ডিআর) নম্বরবিহীন ভারতীয় ইনজেকশন পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এর একটি হৃদ্‌রোগীদের চিকিৎসায় এবং অন্যটি বিষপানের রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হয়। তবে বাংলাদেশে এসব চিকিৎসার জন্য অনুমোদিত ওষুধ ও ইনজেকশন রয়েছে।

ফয়েজ উল্ল্যাহ বলেন, ডিআর নম্বর ছাড়া অননুমোদিত ওষুধ বিক্রির সুযোগ নেই। এসব ওষুধ নকল হতে পারে এবং কার্যকারিতা না থাকলে রোগীর জীবন ঝুঁকিতে পড়তে পারে। এ কারণে জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।

হাসপাতাল-সংলগ্ন দোকানগুলোতে স্যালাইনের সংকট ও বেশি দামে বিক্রির অভিযোগের বিষয়ে তিনি বলেন, এ ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত অধিদপ্তরে আসেনি। অভিযান চলাকালে দোকানগুলোতে ওষুধের সরবরাহও যথাযথ বলে মনে হয়েছে। তবে কোনো ভোক্তা প্রমাণসহ অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতাল-সংলগ্ন এলাকায় ওষুধ বা ফলমূল কেনার সময় বেশি দাম নেওয়া কিংবা অন্য কোনো অনিয়মের শিকার হলে প্রমাণসহ অধিদপ্তরে অভিযোগ করার পরামর্শ দেন তিনি।

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর