সংবেদনশীল সাংবাদিকতার চর্চা বাড়াতে চট্টগ্রামে সংলাপ
সংবাদ পরিবেশনে নারী-পুরুষসহ সব মানুষের মর্যাদা রক্ষা, প্রান্তিক জনগোষ্ঠীর বক্তব্য তুলে ধরা এবং জেন্ডার নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণা দূর করতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে ‘সংবেদনশীল সাংবাদিকতা: সংলাপ ও করণীয়’ শীর্ষক বিভাগীয় সংলাপ।
রোববার (১১ অক্টোবর) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও চট্টগ্রাম প্রেস ক্লাবের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সংলাপে বিভিন্ন গণমাধ্যমের প্রায় ৫০ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী অংশ নেন।
সংলাপে বক্তারা বলেন, গণমাধ্যম শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়; মানুষের চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি ও সামাজিক মূল্যবোধ গঠনেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সংবাদ সংগ্রহ থেকে শুরু করে শিরোনাম, ছবি ও উপস্থাপনার প্রতিটি পর্যায়ে সংবেদনশীলতা বজায় রাখা প্রয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে জেন্ডার-সংবেদনশীলতা, নিরপেক্ষতা এবং সব মানুষের মর্যাদা ও অভিজ্ঞতার যথাযথ প্রতিফলন নিশ্চিত করা জরুরি।
ফারুক ওয়াসিফ আরও বলেন, সাংবাদিকেরা প্রতিনিয়ত সংবাদ প্রকাশের মাধ্যমে ইতিহাসের অংশ নির্মাণ করেন। সংবাদে ভুল তথ্য থাকলে তা ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস সম্পর্কে বিভ্রান্ত করতে পারে। এ জন্য সংবাদ সংগ্রহ ও পরিবেশনের প্রতিটি পর্যায়ে তথ্যের যথার্থতা ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর মাহীন নেওয়াজ চৌধুরী বলেন, জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের পাশাপাশি গণমাধ্যমের সক্রিয় ভূমিকা প্রয়োজন। সংবাদ ও গল্প বলার ধরনে ইতিবাচক পরিবর্তন আনতে পারলে ক্ষতিকর সামাজিক ধারণা চ্যালেঞ্জ করা এবং সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা সহজ হবে। এ জন্য সাংবাদিকদের সঙ্গে নিয়মিত সংলাপ ও সহযোগিতা জরুরি।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি বলেন, সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা ও পেশাগত মানের সঙ্গে সংবেদনশীলতা এবং দায়িত্বশীলতার গভীর সম্পর্ক রয়েছে। এ ধরনের সাংবাদিকতার চর্চা বাড়াতে নিয়মিত আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ গুরুত্বপূর্ণ।
সংলাপে সাংবাদিকতায় জেন্ডার-সংবেদনশীলতা বিষয়ে ব্যবহারিক নির্দেশিকা নিয়ে আলোচনা পরিচালনা করেন পিআইবির সহযোগী অধ্যাপক মনিরা শরমিন। তিনি বলেন, জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা মানে শুধু নারী বা নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীকে নিয়ে সংবাদ প্রকাশ নয়; বরং সব মানুষের অভিজ্ঞতা, পরিচয় ও মর্যাদাকে যথাযথভাবে তুলে ধরা। সংবাদ সংগ্রহ, ভাষা, ছবি, শিরোনাম ও তথ্যসূত্র নির্বাচনের ক্ষেত্রেও সচেতন থাকা প্রয়োজন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিক সালেহ নোমান। এতে সাংবাদিকদের পাশাপাশি ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের কনসোর্টিয়াম অংশীদার জাগো ফাউন্ডেশন ট্রাস্টের বিভাগীয় সমন্বয়ক সুজয় বড়ুয়া উপস্থিত ছিলেন। প্রকল্পের পক্ষে আরও উপস্থিত ছিলেন ম্যানেজার হুসাইন শাকির, মিডিয়া স্পেশালিস্ট সৈয়দ মো. তাফহিম ও জেন্ডার স্পেশালিস্ট ফারজানা রূপা।
ফরিদা/চখ