ফটিকছড়িতে নিখোঁজের ১৩ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার, আটক ৩
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার দাঁতমারা ইউনিয়নে নিখোঁজের ১৩ ঘণ্টা পর হালিমা আক্তার নামের তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতিবেশীর ঘরের আলনার জুতার বক্সের ভেতরে লুকিয়ে রাখা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
শনিবার রাত ৯টায় ফটিকছড়ি উত্তর উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিচিন্তা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু হালিমা একই এলাকার নাছির উদ্দিন ও রাশেদা আক্তার দম্পতির মেয়ে।
ঘটনায় জড়িত থাকার সন্দেহে গৃহকর্তা আবদুল আউয়াল, তার স্ত্রী আসমা বেগম ও ছেলে রবিউল হক নামে ৩ ব্যক্তিকে পুলিশ আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার সকাল ৮টার দিকে শিশু হালিমা নিখোঁজ হয়। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয় মসজিদের মাইকে নিখোঁজের খবর প্রচার করে। বিকেলে নিহত শিশুর পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি জানালে দাঁতমারা পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তল্লাশি চালানোর একপর্যায়ে রাত ৯টার দিকে প্রতিবেশী আবদুল আউয়ালের ঘরের আলনার জুতার বক্সের ভেতরে কাপড়ে মুড়িয়ে রাখা অবস্থায় শিশুটির মরদেহ পাওয়া যায়।
নিহত শিশুর বাবা নাছির উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার কলিজার টুকরোকে তারা নির্মমভাবে হত্যা করে ঘরের আলনার বক্সে লুকিয়ে রেখেছিল। আমার মেয়ের মাথা ও সারা শরীরে নির্যাতনের কালো দাগ রয়েছে। আমি আমার নিষ্পাপ মেয়ে হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।
ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে জানান, খবর পেয়ে পুলিশ তল্লাশি চালিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আটক তিনজনকে আসামি করে ভূজপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ পাওয়ায় আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তাসু/চথ