সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, আটকে পড়েছেন পর্যটকেরা
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক সড়কে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।
রোববার সকাল ৬টা থেকে ‘সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন’ ও ‘সাজেক গণ অধিকার রক্ষা কমিটি’র যৌথ আহ্বানে এই অবরোধ পালিত হচ্ছে।
সড়ক অবরোধের কারণে সাজেক যাতায়াতের প্রধান সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সকালে সড়কের বিভিন্ন স্থানে পিকেটারদের টায়ার ও গাছের গুঁড়িতে আগুন জ্বালিয়ে পিকেটিং করার খবর পাওয়া গেছে ।
অবরোধের ডাক দেয়া ‘সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন’ ও ‘সাজেক গণ অধিকার রক্ষা কমিটি’র অভিযোগ, সাজেকের বিভিন্ন এলাকায় সশস্ত্র সন্ত্রাস চালিয়ে অশান্তি সৃষ্টি করছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস—সন্তু লারমা গ্রুপ)। ওই এলাকায় অশান্তি সৃষ্টির দায়ে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের স্থায়ীভাবে সরিয়ে নেওয়ার দাবিতেই তারা এই কঠোর কর্মসূচি ডাক দিয়েছেন।
সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির দপ্তর সম্পাদক এস এম জিয়াউল হক বলেন, “সাজেকে গতকাল কিছু পর্যটক চলে গেছেন, আবার নতুন কিছু পর্যটক চলেও এসেছেন। সব মিলিয়ে বর্তমানে সাজেকে প্রায় আড়াই তেকে তিন হাজার পর্যটক অবস্থান করছেন।”
গাড়ির সময়সূচির বিষয়ে তিনি জানান, সকাল ১০টায় সাজেক থেকে পর্যটকবাহী কোনো গাড়ি ছাড়বে না, তবে দুইটায় ছাড়ার কথা রয়েছে।
রোববার সকালে খাগড়াছড়ি শহর ছেড়ে পর্যটকবাহী গাড়ি বাঘাইহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেখান থেকে সেনাবাহিনীর পাহাড়ায় গাড়িগুলো সাজেক যাওয়ার কথা রয়েছে।”
খাগড়াছড়ি মাহিন্দ্রা মালিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি টুন্টু মনি চাকমা সার্বিক পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করে জানান, “আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে পর্যটকবাহী যান চলাচল স্বাভাবিক থাকবে। অথচ অন্যদিকে সড়ক অবরোধকারীরা সাফ জানিয়ে দিয়েছে অবরোধ বহাল থাকবে। ফলে পর্যটক ও পরিবহন শ্রমিকদের মধ্যে উৎকণ্ঠা কাজ করছে।”
সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমা জানান, সকাল ছয়টা থেকে তাদের পূর্বঘোষিত সড়ক অবরোধ শান্তিপূর্ণভাবে চলছে। তবে বিভিন্ন জায়গায় পিকেটিং করার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি স্পষ্ট জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, সাজেক কোন যানবাহন চলাচল করছে না। পর্যটকবাহী গাড়ী নিরাপত্তা বাহিনীর পাহাড়ায় এক ট্রিপ দুপুর দুইটায় সাজেক থেকে বের হবে এবং একই সময়ে বাঘাই হাট থেকে সাজেকে যাবে বলে জানান তিনি।
তাসু/চখ