চট্টগ্রামে ১২০ টন লাল গম জব্দ, প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা
চট্টগ্রাম নগরের নাসিরাবাদ এলাকায় লাইসেন্স ছাড়া সরকারি খাদ্যশস্য মজুতের অভিযোগে একটি ময়দার মিলকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে ১২০ দশমিক ০৫ টন লাল গম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত ১০ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নগরের বায়েজিদ বোস্তামী থানার নাসিরাবাদ এলাকায় ‘ইউনাইটেড ফ্লাওয়ার্স মিল’ নামের প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। এসআরবি-৭, চট্টগ্রামের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযান-সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। এ সময় লাইসেন্স ছাড়া ১ লাখ ২০ হাজার ৫০ কেজি লাল গম মজুত রাখার বিষয়টি উঠে আসে। সরকারি খাদ্যশস্য নিয়মবহির্ভূতভাবে মজুত ও ব্যবসা পরিচালনার দায়ে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মজুত করা লাল গম জব্দ করা হয়।
এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জরিমানার অর্থ আদায় এবং জব্দ করা খাদ্যশস্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সরকারি খাদ্যশস্যের অবৈধ মজুত ও নিয়মবহির্ভূত ব্যবসা প্রতিরোধে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ফরিদা|চখ