chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বৈষম্য নয়, প্রতিটি কন্যাশিশুর চাই সমান সুযোগ

আজ ১১ অক্টোবর, আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। বাল্যবিয়ে বন্ধ, কন্যাশিশুদের অধিকার সুরক্ষা এবং তাদের ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিবসটি। এবারের প্রতিপাদ্য ‘বাল্যবিয়ে বন্ধ করুন এবং মেয়েদের অধিকার সুরক্ষায় বিনিয়োগ করুন’।

জাতিসংঘের উদ্যোগে প্রতিবছর ১১ অক্টোবর দিবসটি পালিত হয়। ২০১১ সালের ১৯ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে দিবসটি পালনের প্রস্তাব গৃহীত হয়। এর ধারাবাহিকতায় ২০১২ সালের ১১ অক্টোবর প্রথমবারের মতো আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন করা হয়।

জাতিসংঘ ও ইউনিসেফের মতে, কন্যাশিশুদের অধিকার প্রতিষ্ঠা, তাদের কণ্ঠস্বর তুলে ধরা এবং শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিশ্বব্যাপী সচেতনতা বাড়ানোই দিবসটির অন্যতম উদ্দেশ্য। ২০২৬ সালের প্রতিপাদ্যে বিশেষভাবে বাল্যবিয়ে বন্ধ এবং মেয়েদের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর বিনিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ইউনিসেফের ২০২৬ সালের তথ্য অনুযায়ী, বিশ্বে বর্তমানে জীবিত প্রায় ৬৫ কোটি নারী ও মেয়ের বিয়ে ১৮ বছর বয়সের আগেই হয়েছে। প্রতি বছর ১৮ বছরের কম বয়সী এক কোটিরও বেশি মেয়ের বিয়ে হচ্ছে। বাল্যবিয়ের কারণে অনেক মেয়ের শিক্ষাজীবন বাধাগ্রস্ত হয়, স্বাস্থ্যঝুঁকি বাড়ে এবং নিজের ভবিষ্যৎ সম্পর্কে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সীমিত হয়ে পড়ে।

বাংলাদেশেও বাল্যবিয়ে এখনো বড় উদ্বেগের বিষয়। ইউনিসেফের বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫-এর তথ্য অনুযায়ী, ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের মধ্যে ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে। একই বয়সী ১৩ দশমিক ৪ শতাংশ নারীর বিয়ে হয়েছে ১৫ বছর বয়সের আগেই।

দারিদ্র্য, সামাজিক চাপ, শিক্ষার সুযোগের অভাব এবং মেয়েদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মতো বিষয় বাল্যবিয়ের ঝুঁকি বাড়াতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় মেয়েদের শিক্ষার সুযোগ বাড়ানো, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, আইনি সুরক্ষা জোরদার এবং পরিবার ও সমাজে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

দিবসটি উপলক্ষে কন্যাশিশুদের প্রতি বৈষম্য ও সহিংসতা বন্ধের পাশাপাশি তাদের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞদের মতে, কন্যাশিশুদের অধিকার নিশ্চিত করা শুধু তাদের ব্যক্তিগত উন্নয়নের বিষয় নয়; বরং একটি সমতাভিত্তিক, নিরাপদ ও সমৃদ্ধ সমাজ গড়ার অন্যতম শর্ত। তাই দিবসটির মূল বার্তা প্রতিটি মেয়ের শৈশব সুরক্ষিত হোক, শিক্ষা নিশ্চিত হোক এবং নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে তোলার সুযোগ পাক।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর