chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজারে গ্রেফতার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার চাঞ্চল্যকর কামরুল হত্যা মামলার প্রধান পলাতক আসামি মো. কামালকে (২২) কক্সবাজার থেকে গ্রেফতার করেছে এসআরবি-৭ ও এসআরবি-১৫-এর একটি দল।

শনিবার (১০ অক্টোবর) এসআরবি-৭ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।

গত ৬ অক্টোবর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার সদর থানার লিংক রোড মোড়সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরের ভিত্তিতে এসআরবি-৭ জানতে পারে, বায়েজিদ বোস্তামী থানার হত্যা মামলার প্রধান আসামি মো. কামাল কক্সবাজার সদর থানা এলাকায় অবস্থান করছেন। পরে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১৫, কক্সবাজারের যৌথ অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

কামাল চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ডোবারপাড় জামতলা এলাকার সালাম সাহেবের কলোনির বাসিন্দা। তার বাবার নাম মোরাদ।

পুলিশের তথ্য অনুযায়ী, বায়েজিদ বোস্তামী থানায় গত ২৮ সেপ্টেম্বর দায়ের করা ৩৬ নম্বর মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় তাকে আসামি করা হয়েছে।

এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেফতারের পর কামালকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর