সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
২০২৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছেন কানাডার লেখক অ্যান কারসন। ‘ধ্রুপদী ঐতিহ্যের সঙ্গে প্রাণবন্ত সংলাপের মিশেলে তার দুঃসাহসিক ও উদ্ভাবনী সাহিত্যকর্ম সমকালীন সাহিত্যের নতুন রূপরেখা তৈরি করেছে’ বলে উল্লেখ করেছে নোবেল কমিটি।
আর সে কাজের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়।
অ্যান কারসনের জন্ম ১৯৫০ সালে কানাডার টরন্টোতে। তার সাহিত্যজীবনে কবিতা লেখার পাশাপাশি অনুবাদ ও শিক্ষকতার কাজও গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে।
বিশ্ববিদ্যালয়ে পড়ানোর পাশাপাশি তিনি প্রাচীন গ্রিক সাহিত্য নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন। ১৯৮১ সালে তিনি ক্লাসিকস বিষয়ে ডক্টরেটের গবেষণাপত্র ‘Odi et Amo Ergo Sum’ প্রকাশ করেন।
শব্দের উৎপত্তি বা ব্যুৎপত্তি তার লেখার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। প্রাচীন গ্রিক ভাষা থেকে তাঁর করা অনুবাদগুলোও স্বতন্ত্র সাহিত্যকর্ম হিসেবে আন্তর্জাতিকভাবে গুরুত্ব পেয়েছে।
প্রাচীন গ্রিক কবি স্যাফোর কবিতার খণ্ডাংশ নিয়ে কারসনের উল্লেখযোগ্য কাজ ‘If Not, Winter’ প্রকাশিত হয় ২০০২ সালে। এ ছাড়া সোফোক্লিসের ‘Electra’ ও ‘Antigone’ এবং ইউরিপিদিসের ‘Bakkhai’ অনুবাদ করেছেন তিনি।
তবে কারসনের কাজ শুধু অনুবাদের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রাচীন সাহিত্যকে আধুনিক অভিজ্ঞতা ও ভাষার সঙ্গে মিশিয়ে তিনি তৈরি করেছেন নতুন ধরনের সাহিত্যিক রূপ।
১৯৮৬ সালে প্রকাশিত ‘Eros the Bittersweet’ বইটি কারসনের সাহিত্যভাবনার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। বইটিতে প্রেম, আকাঙ্ক্ষা ও দূরত্বের সম্পর্ক নিয়ে তিনি আলোচনা করেছেন।
স্যাফোর একটি শব্দবন্ধকে কেন্দ্র করে কারসন দেখিয়েছেন, প্রেমের মধ্যে একই সঙ্গে আনন্দ ও বেদনা থাকতে পারে।
মআ/চখ