chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

প্রথমবার নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলবে বাংলাদেশ

আফগানিস্তান প্রতিপক্ষ হিসেবে নতুন নয় বাংলাদেশের জন্য। কিন্তু এবার তাদের বিপক্ষে লড়াইয়ের মঞ্চটাই বদলে যাচ্ছে। চট্টগ্রাম কিংবা মিরপুর নয় এবার পাঁচ দিনের ক্রিকেটের গল্প লেখা হবে আবুধাবিতে। আর সেই সঙ্গে বাংলাদেশের টেস্ট ইতিহাসে যুক্ত হবে একেবারে নতুন একটি অধ্যায়!

আগামীকাল শুক্রবার আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট। ম্যাচটি বাংলাদেশের জন্য শুধু আরেকটি টেস্ট নয়। কারণ প্রথমবারের মতো দেশের বাইরে কোনো নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ।

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অবশ্য বাংলাদেশের পায়ের ছাপ আগেই আছে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এখানে খেলেছে টাইগাররা। কিন্তু লাল বলের ক্রিকেটে অভিজ্ঞতাটা একেবারেই শূন্য। তাই আমিরাতের পরিচিত মাঠ এবার বাংলাদেশের সামনে হাজির হচ্ছে নতুন রূপে।

নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলার ইতিহাসেও বাংলাদেশ বেশ পিছিয়ে। পাকিস্তান এই জায়গায় অনেক এগিয়ে। ১৯৯৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত তারা নিরপেক্ষ মাটিতে খেলেছে ৩৯টি টেস্ট। জিতেছে ১৯টিতে। অস্ট্রেলিয়া ১৪টি টেস্ট খেলে জিতেছে ৭টিতে। এরপর শ্রীলঙ্কার ৯টি এবং নিউজিল্যান্ডের ৭টি।

বাংলাদেশ সেখানে নাম লেখাচ্ছে অনেক পরে। ভারতের মতো দলেরও যেখানে নিরপেক্ষ ভেন্যুতে মাত্র দুটি টেস্ট খেলার অভিজ্ঞতা আছে সেখানে বাংলাদেশের প্রথম পরীক্ষাটাই হতে যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে।

এই প্রতিপক্ষকে অবশ্য ভালোভাবেই চেনে বাংলাদেশ। দুই দল এখন পর্যন্ত দুটি টেস্ট খেলেছে। প্রথম সাক্ষাৎ ২০১৯ সালে চট্টগ্রামে। সেখানে ২২৪ রানে হেরে গিয়েছিল বাংলাদেশ। চার বছর পর মিরপুরে সেই হারের জবাব দেয় টাইগাররা। ৫৪৬ রানের বিশাল জয় তুলে নিয়ে আফগানদের বিপক্ষে টেস্টে সমতা ফেরায় বাংলাদেশ।

এবার সেই সমীকরণ নিয়ে নতুন মাঠে দুই দল। আগের দুই ম্যাচের কোনো ফলই এখানে সরাসরি কাজে নাও আসতে পারে। কারণ এবার নেই বাংলাদেশের ঘরের দর্শক। নেই পরিচিত কন্ডিশনের বাড়তি সুবিধা। বরং দুই দলের কাছেই আবুধাবি হবে নতুন করে নিজেদের মানিয়ে নেওয়ার জায়গা।

ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। তাই পয়েন্টের চাপ নেই। কিন্তু গুরুত্ব কমছে না। বাংলাদেশের জন্য এটি নিজেদের টেস্ট ক্রিকেটকে নতুন পরিবেশে যাচাই করার সুযোগ। বিশেষ করে ভবিষ্যতে বিদেশের মাটিতে আরও টেস্ট খেলতে হলে এমন অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

আর এই টেস্টকে ঘিরে বাংলাদেশের আমিরাত সফরের গল্পও এখানেই শেষ নয়। আফগানিস্তানের বিপক্ষে সাদা পোশাকের লড়াই শেষে শারজা ও আবুধাবিতে জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। আমিরাতের মাটিতে তাই এক ম্যাচের সফর নয় এটি বরং দীর্ঘ ক্রিকেট অধ্যায়ের শুরু।

তবে সেই অধ্যায়ের প্রথম পৃষ্ঠায় থাকবে লাল বল। আবুধাবির মাঠে থাকবে সাদা পোশাক। সামনে থাকবে পরিচিত আফগানিস্তান। শুধু পরিচিত হবে না মঞ্চটি!

আগামীকাল শুক্রবার তাই বাংলাদেশের জন্য প্রশ্নটা শুধু কে জিতবে কিংবা কে হারবে সেটি নয়। প্রশ্নটা আরও বড়-ঘরের সীমানা পেরিয়ে নিরপেক্ষ মাটিতে বাংলাদেশের টেস্ট ক্রিকেট কতটা নিজের পরিচয় দিতে পারে?

আবুধাবির ২২ গজে সেই উত্তরই খুঁজবে বাংলাদেশ!

তাসু/চখ

এই বিভাগের আরও খবর