chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা মামলার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ২

কক্সবাজারের চকরিয়ায় চাঞ্চল্যকর যুবদল নেতা মো. ইসফাতুল ইসলাম জিসান (২৬) অপহরণ ও হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিলভার রঙের একটি নোহা গাড়িও জব্দ করেছে চকরিয়া থানা পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) বেলা ১টায় চকরিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশের কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজ, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরে আলম মাসুম সিদ্দিকী।

পুলিশ জানায়, কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের দিকনির্দেশনায়, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজের তত্ত্বাবধানে এবং ওসি আরিফুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তথ্য-প্রযুক্তির ব্যবহার, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে আনোয়ার হোসেন প্রকাশ কাল্লু ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়।

সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) আবদুল আজিজ বলেন, গত ২৭ সেপ্টেম্বর দিবাগত রাতে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মাইজ কাকারা এলাকা থেকে সাদা/সিলভার রঙের একটি নোহা গাড়িতে করে জিসানকে অপহরণ করা হয়। পরে খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আনোয়ার হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত জিসাত মিয়া প্রকাশ শওকত ড্রাইভার (২৯)-কে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিলভার রঙের নোহা গাড়িটি জব্দ করা হয়। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর চট্টমেট্রো-চ-১১-৫৯৬৯।

সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই আসামি জিসান হত্যাকাণ্ডের পরিকল্পনা ও কিলিং মিশনে অংশগ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, অর্থদাতা ও অন্যান্য জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় চকরিয়া থানার এফআইআর নং-৪৪, তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৬ দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৩৪১/৩৬৪/৩০২/৩৪ ধারা উল্লেখ করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, জিসান হত্যা মামলার প্রকৃত রহস্য পুরোপুরি উদঘাটন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিকে আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর