টেকনাফে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ আটক ১
কক্সবাজারের টেকনাফে বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর যৌথ অভিযানে নাফ নদী সাঁতরে মিয়ানমার থেকে আনা ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ মো. ইদ্রিস (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ভোররাতে টেকনাফ পৌরসভার নাফ নদীসংলগ্ন দক্ষিণ জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মো. ইদ্রিস টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪ অক্টোবর রাতে নাফ নদী অতিক্রম করে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশের তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও এসআরবির যৌথ আভিযানিক দল জালিয়াপাড়া ৪ নম্বর ব্রিজের ১ নম্বর সুইচগেটের পশ্চিম পাশে খালসংলগ্ন নাফ নদী এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
পরে ৫ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ বিওপির বিশেষ টহলদল থার্মাল ইমেজারের মাধ্যমে মিয়ানমার থেকে আসা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করে। রাত আড়াইটার দিকে তাদের বস্তাসহ সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।
আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পার্শ্ববর্তী কেঁওড়া বাগানে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় যৌথ আভিযানিক দল তিনটি বড় প্যাকেটসহ ইদ্রিসকে আটক করতে সক্ষম হয়। পরে প্যাকেটগুলো তল্লাশি করে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচারসহ সব ধরনের সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযানও চলমান থাকবে।
তিনি জানান, আটক ব্যক্তি ও জব্দ করা ইয়াবার বিষয়ে নিয়মিত মামলা রুজুর মাধ্যমে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তাসু/চখ