আখতারুজ্জামান বাবুর জাপানি স্ত্রী-সন্তান প্রকাশ্যে
আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম-১৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর জাপানি স্ত্রী ও দুই কন্যাসন্তানের বিষয়টি নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে। সম্প্রতি একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের পর বিষয়টি জনসম্মুখে আসে। তবে আখতারুজ্জামান চৌধুরী বাবুর নির্বাচনী এলাকা আনোয়ারা-কর্ণফুলীর আওয়ামী লীগের একাধিক নেতা দাবি করেছেন, তার জীবদ্দশাতেই দ্বিতীয় স্ত্রী ও সন্তানদের বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করা হয়েছিল এবং তাদের সম্পত্তির অধিকারও দেওয়া হয়েছিল।
প্রকাশিত প্রতিবেদনে আখতারুজ্জামান চৌধুরী বাবুর জাপানি স্ত্রীর নাম মিনাকো কাওয়ারাজাকি এবং বড় মেয়ের নাম নীনা কাওয়ারাজাকি উল্লেখ করা হয়েছে।
ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৯৯২ সালের ২১ আগস্ট যুক্তরাজ্যে মিনাকোকে বিয়ে করেন বাবু। একই বছরের ১৯ ডিসেম্বর যুক্তরাজ্যে তাদের প্রথম কন্যা নীনার জন্ম হয়। ছোট মেয়ের নাম প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
আখতারুজ্জামান চৌধুরী বাবু ২০১২ সালের ৪ নভেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। তার মৃত্যুর প্রায় ১৪ বছর পর গত ২৩ সেপ্টেম্বর বড় মেয়ে নীনা একটি ব্যাংকে এক কোটি টাকার স্থায়ী আমানতের (এফডিআর) অর্থ সংক্রান্ত একটি চিঠি দেন। ওই নথির সূত্র ধরেই বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিয়ের নথিতে কী আছে
প্রকাশিত তথ্য অনুযায়ী, ঢাকার জাপান দূতাবাস ২০০৭ সালের ১৫ মার্চ এই বিয়ের একটি সনদ ইস্যু করে। সনদে স্বামীর নাম চৌধুরী আখতারুজ্জামান এবং স্ত্রীর নাম মিনাকো কাওয়ারাজাকি উল্লেখ রয়েছে। সেখানে বিয়ের তারিখ ২১ আগস্ট ১৯৯২ এবং স্থান যুক্তরাজ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
সনদে আখতারুজ্জামান চৌধুরী বাবুর জন্মতারিখ ৩ মে ১৯৪৫ এবং মিনাকো কাওয়ারাজাকির জন্মতারিখ ২২ মার্চ ১৯৬০ উল্লেখ রয়েছে।
এ ছাড়া চলতি বছরের ৮ এপ্রিল হংকংয়ে জাপানের কনস্যুলেট জেনারেল থেকে ইস্যু করা একটি জন্মসনদে নীনা কাওয়ারাজাকির জন্মস্থান যুক্তরাজ্য এবং জন্মতারিখ ১৯ ডিসেম্বর ১৯৯২ উল্লেখ করা হয়েছে। নথিতে তার পিতার নাম আখতারুজ্জামান চৌধুরী এবং মাতার নাম কাওয়ারাজাকি মিনাকো লেখা রয়েছে। সম্পর্কের ঘরে তাকে প্রথম কন্যা হিসেবে উল্লেখ করা হয়েছে।
সম্পত্তি নিয়ে ভিন্ন বক্তব্য
আখতারুজ্জামান চৌধুরী বাবুর দ্বিতীয় বিয়ের বিষয়টি তার নির্বাচনী এলাকার স্থানীয় রাজনৈতিক নেতাদের অনেকেই জানতেন বলে দাবি করেছেন।
কর্ণফুলী উপজেলা যুবলীগের সভাপতি নাজিম উদ্দিন হায়দার বলেন, বাবু জীবিত থাকতেই ওই স্ত্রী ও সন্তানদের সম্পত্তির ভাগ-বাটোয়ারা করে দিয়েছিলেন। তার মৃত্যুর এক যুগেরও বেশি সময় পর বিষয়টি সামনে এনে সামাজিকভাবে তাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
অন্যদিকে, দক্ষিণ জেলা বিএনপির কয়েকজন নেতা দাবি করেছেন, ২০০৮ সালের সংসদ নির্বাচনের হলফনামায় দ্বিতীয় স্ত্রী ও সন্তানদের তথ্য না থাকা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে এ বিষয়ে বিএনপির স্থানীয় এক নেতা শরীফ মোহাম্মদ কামাল বলেন, কেন ওই তথ্য হলফনামায় উল্লেখ করা হয়নি, তা তাদের জানা নেই এবং বিষয়টি মূলত ব্যক্তিগত ও পারিবারিক।
প্রথম সংসার ও রাজনৈতিক জীবন
প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও রাজনীতিক আখতারুজ্জামান চৌধুরী বাবু চট্টগ্রামের শিল্পোদ্যোক্তা সিরাজুল ইসলাম চৌধুরীর মেয়ে নূর নাহার জামানকে বিয়ে করেছিলেন। এই সংসারে তাদের তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। তাদের বড় সন্তান সাইফুজ্জামান চৌধুরী পরবর্তীতে ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
আখতারুজ্জামান চৌধুরী বাবু ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সর্বশেষ সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজামকে পরাজিত করেন। বর্তমানে সরওয়ার জামাল নিজাম চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য।
দীর্ঘদিন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা বাবু পরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হন। রাজনীতির পাশাপাশি তিনি ব্যবসায়ী হিসেবেও পরিচিত ছিলেন। তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও এফবিসিসিআইয়ের সভাপতি এবং এশিয়া প্যাসিফিক চেম্বারের ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।
তবে ১৯৯২ সালে হুমায়ুন জহির হত্যা মামলায় আসামি হওয়ার পর তিনি বিদেশে চলে যান। পরবর্তী সময়ে দেশে ফিরে রাজনীতি ও ব্যবসায় সক্রিয় হলেও আগের অবস্থান পুরোপুরি ফিরে পাননি বলে সংশ্লিষ্টদের বক্তব্য।
আখতারুজ্জামান চৌধুরী বাবুর জাপানি স্ত্রী ও সন্তানদের বিষয়টি মূলত পুরোনো পারিবারিক সম্পর্ক ও সম্পত্তিসংক্রান্ত নথির সূত্রে নতুন করে আলোচনায় এসেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা বক্তব্য থাকলেও সংশ্লিষ্ট নথি ও পারিবারিক সিদ্ধান্তের বাইরে এ নিয়ে নতুন কোনো আনুষ্ঠানিক আইনি সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।
তাসু/চখ