চকরিয়ায় মোটরসাইকেলের চাকায় ১৭ হাজার পিস ইয়াবা, যুবক গ্রেপ্তার
কক্সবাজারের চকরিয়ায় মোটরসাইকেলের চাকার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৭ হাজার পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নুর মোহাম্মদ লিখন (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলার পুলিশ সুপারের নির্দেশনায় চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
শনিবার চকরিয়া থানাধীন মালুমঘাট ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জলদাশ পাড়া এলাকায় পুলিশের চেকপোস্ট চলাকালে কক্সবাজার থেকে আসা রেজিস্ট্রেশনবিহীন সিলভার ও টিয়া রঙের একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়।
পুলিশের সংকেত পেয়ে মোটরসাইকেলটি থামালে চালক নুর মোহাম্মদ লিখনের আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তিনি মোটরসাইকেলের চাকার ভেতরে ইয়াবা ট্যাবলেট লুকিয়ে রাখার কথা স্বীকার করেন।
এরপর তাকে গ্রেপ্তার করে মোটরসাইকেলটি মালুমঘাট বাজারের আইমান টায়ার অ্যান্ড ভলকানাইজিং ওয়ার্কশপে নেওয়া হয়। সেখানে উপস্থিত সাক্ষীদের সামনে মোটরসাইকেলটির সামনের ও পেছনের চাকা খুলে তল্লাশি চালানো হয়।
এ সময় চাকার টায়ারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৮টি পোটলা থেকে মোট ১৭ হাজার পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নুর মোহাম্মদ লিখন জানান, কক্সবাজার জেলা থেকে কম দামে ইয়াবা কিনে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেলের চাকার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে সেগুলো নিজের জেলা শরিয়তপুরে নিয়ে যাচ্ছিলেন।
চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, শনিবার গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হবে।
তাসু/চখ