chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শাকিবের ‘মহব্বত’এ পাকিস্তানি নায়িকা!

শাকিব খানকে ঘিরে নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন নির্মাতা হিমেল আশরাফ। ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’এর পর শাকিবকে নিয়ে তাঁর তৃতীয় সিনেমার নাম ‘মহব্বত’। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা ও পোস্টার। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি।

তবে সিনেমার ঘোষণা আসার পর গল্পের চেয়েও বেশি কৌতূহল তৈরি হয়েছে শাকিবের নায়িকা নিয়ে। কে থাকছেন তাঁর বিপরীতে এখন সেটিই দর্শকদের আলোচনার অন্যতম বিষয়।

সিনেমা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ‘মহব্বত’এ পাকিস্তানের একজন পরিচিত অভিনয়শিল্পীকে নেওয়ার বিষয়টি বেশ জোরালোভাবে এগোচ্ছে। সম্ভাব্য নায়িকা হিসেবে আলোচনায় এসেছে হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশানের নাম। তাঁদের মধ্যে কয়েকজনের সঙ্গে প্রাথমিক যোগাযোগ ও কথাবার্তাও হয়েছে বলে জানা গেছে।

অবশ্য বিষয়টি এখনো চূড়ান্ত নয়। পাকিস্তানের পাশাপাশি ভারতের দুজন জনপ্রিয় অভিনেত্রীর নামও বিবেচনায় রাখা হয়েছে। ফলে শাকিবের বিপরীতে শেষ পর্যন্ত কোন দেশের কোন তারকাকে দেখা যাবে, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

পরিচালক হিমেল আশরাফ এবং প্রযোজক আরশাদ আদনানও নায়িকা প্রসঙ্গে আপাতত বিস্তারিত জানাতে রাজি নন। তাঁরা জানিয়েছেন, উপযুক্ত সময়েই আনুষ্ঠানিকভাবে নায়িকার নাম প্রকাশ করা হবে।

‘মহব্বত’এর শুটিং আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু করার পরিকল্পনা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ঈদুল আজহায় বড় পর্দায় দেখা যাবে সিনেমাটি।

এর আগে হিমেল আশরাফ ও আরশাদ আদনানের সঙ্গে শাকিবের জুটি দর্শকদের উপহার দিয়েছে ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’। দুটি সিনেমাতেই শাকিবের বিপরীতে ছিলেন ভিনদেশি অভিনেত্রী। ‘প্রিয়তমা’য় ইধিকা পাল এবং ‘রাজকুমার’এ কোর্টনি কফিকে দেখা গেছে তাঁর নায়িকা হিসেবে।

তাই ‘মহব্বত’এও ভিনদেশি নায়িকা থাকছেন , এমন সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে আলোচনা। আর যদি পাকিস্তানের কোনো জনপ্রিয় তারকা শেষ পর্যন্ত শাকিবের নায়িকা হন, তাহলে দুই দেশের দর্শকদের মধ্যেই সিনেমাটি নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হতে পারে। এখন অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর