সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন সাংবাদিকদের
চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত মতবিনিময় ও যোগদান অনুষ্ঠান বর্জন করেছেন কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকেরা। দাওয়াত না দিয়েও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো এবং পরবর্তীতে অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
শুক্রবার (২ নভেম্বর) কেরানিহাট সি-ওয়াল্ড রিসোর্টে সাতকানিয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সম্মানিত নাগরিকদের নিয়ে মতবিনিময় সভা ও যোগদান অনুষ্ঠানের আয়োজন করে এনসিপি সাতকানিয়া শাখা। গত তিন দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে এই অনুষ্ঠানে যোগদানের জন্য সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হয়।
স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, গত তিন দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হলেও সাতকানিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কোনো সাংবাদিককে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। তবে অনুষ্ঠানের মাত্র তিন দিন আগে ‘এনসিপি সাতকানিয়া মিডিয়া সেল’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে মুন্না নামের এক ব্যক্তি অধিকাংশ স্থানীয় সাংবাদিককে সেই গ্রুপে যুক্ত করেন। সেখানে গতকাল অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে একটি বার্তা পাঠানো হয়।
কিন্তু অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর এক অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েন সাংবাদিকেরা। অনুষ্ঠান শেষে সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকেরা উপস্থিতির কারণ জানতে চাইলে মুন্না নামের ওই ব্যক্তি দাবি করেন, তাঁরা স্থানীয় কোনো সাংবাদিককে দাওয়াত দেননি। আয়োজকদের এমন দ্বিমুখী ও অপেশাদার আচরণে সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।
জানা গেছে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারী।
স্থানীয় সাংবাদিকদের দাবি, একটি রাজনৈতিক দলের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ গণমাধ্যমের স্বাধীন পেশাদারিত্বের প্রতি চরম অবমাননা। এ ঘটনার প্রতিবাদে সাতকানিয়ায় কর্মরত সাংবাদিক সমাজ অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে বর্জন করেন।
ফরিদা|চখ