মন্ত্রণালয়ের চিঠি
নিউমুরিংয়ের পর জেনারেল কার্গো বার্থে বিদেশি অপারেটর
নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) পর এবার চিটাগং কন্টেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনায় যুক্ত হতে যাচ্ছে বিদেশি কোম্পানি। সৌদি আরবভিত্তিক রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালকে (আরএসজিটিআই) টার্মিনালটির অপারেটর হিসেবে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে সুপারিশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
এ বিষয়ে গত ২৮ সেপ্টেম্বর ইনভেস্ট বাংলাদেশ অথরিটিকে (আইবিএ) একটি চিঠি দিয়েছে মন্ত্রণালয়। এতে আরএসজিটিআইকে সিসিটির অপারেটর হিসেবে নিয়োগের চিঠি প্রক্রিয়াকরণের অনুরোধ জানানো হয়েছে।
এর মাধ্যমে চট্টগ্রাম বন্দরের দুটি গুরুত্বপূর্ণ কন্টেইনার টার্মিনাল আন্তর্জাতিক অপারেটরের হাতে দেওয়ার বিষয় সামনে এল। বৃহস্পতিবার (১ অক্টোবর) এনসিটি পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়ায় নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সবকিছু ঠিক থাকলে দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ড টার্মিনালটি পরিচালনার দায়িত্ব পাবে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের চিঠিতে জানানো হয়েছে, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় সিসিটি ও জেনারেল কার্গো বার্থ (জিসিবি) এবং নির্মাণাধীন বে টার্মিনালের মাল্টিপারপাস টার্মিনাল প্রকল্প বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছে আরএসজিটিআই।
সিসিটি পরিচালনায় আরএসজিটিআইকে নিয়োগের প্রস্তাবিত মেয়াদ, আর্থিক শর্ত বা বিনিয়োগের বাধ্যবাধকতার বিষয়ে চিঠিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। পরবর্তী পিপিপি ও কনসেশন প্রক্রিয়ায় এসব বিষয় নির্ধারণ হবে বলে জানানো হয়েছে।
সিসিটি পরিচালনায় আরএসজিটির পাশাপাশি ডিপি ওয়ার্ল্ড ও দেশি প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপও প্রস্তাব দিয়েছিল। ডিপি ওয়ার্ল্ড ৮ এপ্রিল ও আরএসজিটিআই ২২ এপ্রিল পৃথক প্রস্তাব জমা দেয়। মে মাসে আরএসজিটিআই জানায়, সিসিটি ও জিসিবি পরিচালনার দায়িত্ব পেলে তারা প্রায় ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে।
২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের মোট কন্টেইনার হ্যান্ডলিংয়ের প্রায় ১৬ শতাংশ হয়েছে সিসিটিতে। এছাড়া এনসিটি প্রায় ৪৪ শতাংশ, জিসিবি ৩৬ শতাংশ এবং পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল (পিসিটি) প্রায় ৪ শতাংশ হ্যান্ডলিং করেছে।
আরএসজিটিআই আগে থেকেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় যুক্ত। ২০২৪ সালে পিসিটি পরিচালনায় প্রতিষ্ঠানটির সঙ্গে ২২ বছরের কনসেশন চুক্তি করে বন্দর কর্তৃপক্ষ।
বন্দরের আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প লালদিয়া কন্টেইনার টার্মিনাল উন্নয়ন ও পরিচালনার দায়িত্ব দীর্ঘমেয়াদি পিপিপি কনসেশনের আওতায় ডেনমার্কভিত্তিক এপিএম টার্মিনালসকে দেওয়া হয়েছে।
ফরিদা|চথ