বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী (৫৯) মারা গেছেন। শুক্রবার (২ অক্টোবর) তিনি লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান বার্তা সম্পাদক জাহিদুল কবির এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে তাঁকে লন্ডনের একটি হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সময় শুক্রবার বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তৌফিক ইমরোজ খালিদীকে মৃত ঘোষণা করেন।
তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ঢাকা স্ট্রিমের সম্পাদক ও প্রকাশক গোলাম ইফতেখার মাহমুদ। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, তৌফিক ইমরোজ খালিদী কয়েকদিন আগে চিকিৎসার জন্য লন্ডন যান। সেখানে বৃহস্পতিবার রাতে হোটেল কক্ষে তিনি মাথা ঘুরে পড়ে যান। পরে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার চিকিৎসকরা মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে মৃত্য হয়েছে বলে জানান।
তৌফিক ইমরোজ খালিদী বাংলাদেশের ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেন। পরে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে কাজ করেন। ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়সহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকতা করেছেন তিনি।
২০১৭ সালে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কারে বিশেষ সম্মাননা পান তৌফিক ইমরোজ খালিদী। ডিজিটাল বাংলাদেশে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।