সেন্টমার্টিনের কাছে ট্রলার থেকে ৬৫ জন উদ্ধার, আটক ১১
মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে সমুদ্রপথে নেওয়া হচ্ছিল ৬৫ জনকে। মাঝসমুদ্রে ট্রলারের ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে পানি ঢুকে পড়লে বিপদে পড়েন তারা। পরে বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে সেন্টমার্টিনের অদূর থেকে ওই ৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ সময় মানব পাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
নৌবাহিনী জানায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাতে নিয়মিত টহলের সময় নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ একটি ঝুঁকিপূর্ণ ট্রলার শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে ট্রলারটি থেকে ৬৫ জনকে উদ্ধার এবং মানব পাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়।
ঘটনার সূত্রপাত সেন্টমার্টিন লাইট হাউজ থেকে প্রায় ৮১ মাইল দূরে। সেখানে মাছ ধরার কাজে থাকা এফভি ক্রিস্টাল-১-এর সদস্যরা ইঞ্জিন বিকল অবস্থায় একটি ভাসমান কাঠের বোট দেখতে পান। বোটটির কাছে গিয়ে সহায়তার চেষ্টা করলে সেখানে থাকা কয়েকজনের আচরণ সন্দেহজনক মনে হয়। বিষয়টি তারা দ্রুত নৌবাহিনীকে জানান।
খবর পেয়ে সেন্টমার্টিন ও আশপাশের এলাকায় টহলরত বানৌজা খালিদ বিন ওয়ালিদ ঘটনাস্থলে পৌঁছায়। নৌবাহিনীর সদস্যরা ট্রলারটি উদ্ধার করার পাশাপাশি দেখতে পান, ট্রলারের ভেতরে পানি ঢুকে পড়েছে। পরে দ্রুত পানি নিষ্কাশন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
ট্রলারে থাকা মোট ৭৬ জনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা, খাবার ও প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়া হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১১ জনকে মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করা হয়। তাদের আটক করা হয়েছে। বাকি ৬৫ জনকে মালয়েশিয়ায় যাওয়ার প্রলোভনে প্রতারণার শিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নৌবাহিনীর তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ৬৫ জনের অধিকাংশকে মানব পাচারকারী চক্রের সদস্যরা টেকনাফের দুর্গম এলাকায় আটকে রেখেছিল। পরে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে তাদের ট্রলারে তোলা হয়। ট্রলারটি অবৈধভাবে সমুদ্রপথে যাত্রী পরিবহনে ব্যবহার করা হচ্ছিল।
নৌবাহিনী জানিয়েছে, আটক ১১ জনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
নৌবাহিনী আরও জানায়, ট্রলারের ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে পানি ঢুকে পড়ায় সেখানে থাকা ব্যক্তিদের জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে। সময়মতো উদ্ধার অভিযান চালানো সম্ভব হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো গেছে।
বাংলাদেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা, মানব পাচার ও চোরাচালান বন্ধ এবং সমুদ্রে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।
ফরিদা|চখ