ফটিকছড়িতে মন্দিরে চুরির ঘটনায় ৪ চোর আটক
ফটিকছড়ির লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামের বণিকপাড়ায় শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মন্দিরে চুরির ঘটনায় ৪ চোরকে চুরি যাওয়া মালামালসহ আটক করেছে পুলিশ।
৩০ সেপ্টেম্বর (বুধবার) রাতে উপজেলার নানুপুর ইউনিয়নের বিনাজুরি নামক এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলো, মো. শাহাব উদ্দিন, মো. রুহুল আমিন, মো. ইউসছুপ ও মো. হাশেম। তাদের আটকের পর তাদের দেখানো স্থান থেকে মন্দিরের চুরি যাওয়া বিভিন্ন পূজার সামগ্রী উদ্ধার করে পুলিশ।
তবে চুরি যাওয়া স্বর্ণালংকারের মধ্যে ৩টি স্বর্ণের চেইন, ৩টি লকেট উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ জানায়, সে সব স্বর্ণালংকার উদ্ধারে আটক চোরদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করা হচ্ছে স্বর্ণালংকার উদ্ধারও সম্ভব হবে।
ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান বলেন, মন্দিরে চুরির ঘটনায় ৪ চোরকে আটক করা হয়েছে। চুরি যাওয়া কিছু পূজার সামগ্রী উদ্ধার করা হয়েছে। অন্যান্য চুরি যাওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
মআ/চখ