রেলওয়ে জোনাল স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান সফিকুর, সম্পাদক চৈতী মুহুরী
বাংলাদেশ রেলওয়ে জোনাল স্পোর্টস কাউন্সিল, পূর্বাঞ্চলের ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোহাম্মদ সফিকুর রহমানকে চেয়ারম্যান এবং চৈতী মুহুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
নবগঠিত কমিটিতে রেলওয়ের বিভিন্ন বিভাগীয় স্পোর্টস অ্যাসোসিয়েশনের দায়িত্বশীল কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে পাহাড়তলী বিভাগীয় স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জাকির আহসান, বিভাগীয় স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এ বি এম কামরুজ্জামান, চট্টগ্রাম বিভাগীয় স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঞা এবং সদর, চট্টগ্রামের বিভাগীয় স্পোর্টস অ্যাসোসিয়েশনের মো. জহিরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ রেলওয়ের দুটি ঐতিহ্যবাহী ক্রীড়া ক্লাবের দায়িত্বও নির্ধারণ করা হয়েছে। রেলওয়ে এস এ ক্লাবের সভাপতি হয়েছেন মো. শওকত জামিল মোহসী। রেলওয়ে রেঞ্জার্স ক্লাবের সভাপতি করা হয়েছে মো. মনিরুজ্জামানকে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) নবগঠিত কমিটির অভিষেক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ও জোনাল স্পোর্টস কাউন্সিলের প্রধান পৃষ্ঠপোষক মামুনুল ইসলাম।
সভায় নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে মামুনুল ইসলাম বলেন, রেলওয়ের ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। তিনি রেলওয়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা নিয়মিত ও আরও কার্যকরভাবে আয়োজনের ওপর গুরুত্ব দেন।
এ সময় তিনি নতুন কমিটির সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং রেলওয়ের ক্রীড়া কার্যক্রমের উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
নতুন কমিটি রেলওয়ের ক্রীড়া প্রতিযোগিতা, খেলোয়াড়দের অংশগ্রহণ এবং বিভিন্ন ক্রীড়া কার্যক্রমকে আরও সংগঠিত ও গতিশীল করার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
ফরিদা|চখ