chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘ভিডিপি রহিমের’ বাড়ি থেকে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, পালালেন মালিক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চেরারকুল এলাকায় আব্দুর রহিম ওরফে ‘ভিডিপি রহিম’ (৪০) নামে এক ব্যক্তির বাড়ির মাচা থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিকসহ পরিবারের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের একটি দল সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চেরারকুল এলাকায় অভিযান চালায়। এ সময় মৃত কবির আহমদের ছেলে আব্দুর রহিমের মালিকানাধীন বাড়িতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে বাড়ির সামনের মাচায় লুকিয়ে রাখা অবস্থায় ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুর রহিমসহ বাড়ির সদস্যরা পালিয়ে যান। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, ‘ইয়াবা উদ্ধারে আব্দুর রহিমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির সামনের মাচা থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। বাড়িতে কেউ না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক পাচার প্রতিরোধে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। ইয়াবাসহ মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, চেরারকুল এলাকার আব্দুর রহিম ওরফে ‘ভিডিপি রহিম’কে প্রায় এক বছর আগে বিভিন্ন অভিযোগের কারণে আনসার-ভিডিপি থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা আনসার-ভিডিপির প্রশিক্ষক আশু বড়ুয়া বলেন, ‘আব্দুর রহিম নামে একজনকে প্রায় এক বছর আগে বিভিন্ন অভিযোগের কারণে আনসার-ভিডিপি থেকে বহিষ্কার করা হয়েছে।’

তবে স্থানীয় ব্যবসায়ী ফারুক বলেন, ‘চেরারকুল এলাকায় রহিম নামের ৪ থেকে ৫ জন ব্যক্তি রয়েছেন। আজ যে বাড়ি থেকে ইয়াবা উদ্ধার হয়েছে, সেই বাড়ির মালিক আব্দুর রহিম এলাকায় “ভিডিপি রহিম” নামে পরিচিত।’

স্থানীয় বাসিন্দারা উদ্ধার হওয়া ইয়াবার উৎস ও গন্তব্য শনাক্ত করার পাশাপাশি এর সঙ্গে জড়িত ব্যক্তিদের তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর