chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘পাহাড় থেকে সন্ত্রাস নির্মূল করতে হবে’- রাঙামাটিতে পিসিএনপি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক গঠিত ৩টি উচ্চপর্যায়ের জাতীয় কমিটিকে সাধুবাদ জ্ঞাপন, পাহাড় থেকে সন্ত্রাস নির্মূল ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) চুক্তি লঙ্ঘন করে সশস্ত্র সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় এ চুক্তি পুনর্মূল্যায়ন করে জেএসএস, ইউপিডিএফ এবং কেএনএফকে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করার দাবী জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। এছাড়াও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)’র বিভ্রান্তিকর বিবৃতির তীব্র প্রতিবাদ, পাহাড়ের সর্বসাধারণের নামে শিশির চাকমার সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা এবং ব্যারিস্টার মীর হেলালকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে বহাল রাখার জোর দাবি জানানো হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গামাটি শহরে কাঁঠালতলীস্থ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের (পিসিএনপির) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পাহাড়ের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ, নীতি-নির্ধারণ ও জাতীয় স্বার্থ রক্ষায় সরকার যে ৩টি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে, তা পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও পাহাড়ি-বাঙালির সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে ঐতিহাসিক ভূমিকা রাখবে। তবে পার্বত্য চুক্তি স্বাক্ষরের এতদিন পরও পাহাড়ে অস্ত্রের ঝনঝনানি, চাঁদাবাজি এবং দেশবিরোধী অপশক্তির আধিপত্য কমেনি বলে উদ্বেগ প্রকাশ করা হয়।

সংবাদ সন্মেলনে পাহাড়ে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচারের জন্য ‘লিগ্যাল টাস্কফোর্স’ গঠন করার দাবী জানিয়ে বলেছেন, পার্বত্য জেলা পরিষদে ন্যস্ত শিক্ষা ও স্বাস্থ্য বিভাগসমূহকে পুনরায় মন্ত্রণালয়ে ফিরিয়ে নিয়ে ১% উপজাতীয় কোটার বদলে সকল পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য “অনগ্রসর কোটা” চালু করতে হবে।

এছাড়াও পার্বত্য জেলা পরিষদে ও আঞ্চলিক পরিষদে জনসংখ্যা অনুযায়ী সকল জাতির সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং বিদেশি এনজিওগুলোর কার্যক্রমে স্বচ্ছতা আনতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তদারকির দাবি জানানো হয়।

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবীব আজম, রাঙ্গামাটি জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, সহ সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম, মহিলা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোরশেদা আক্তার, যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুর হোসেন, ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর