chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘হুট করেই হ্যাপিলি ম্যারিড হয়ে যাব মনে হয়’

‘হ্যাপিলি ম্যারিড’ মাত্র দুই শব্দের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট থেকেই কয়েক মাস আগে তৈরি হয়েছিল কেয়া পায়েলের বিয়ে নিয়ে আলোচনা। গত ১৫ জুলাই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে চিত্রনায়ক আরিফিন শুভর ছবি দিয়ে এমন পোস্ট করেছিলেন এই অভিনেত্রী। পরে অবশ্য জানা যায়, বাস্তবে বিয়ের খবর নয়, বরং এটি ছিল তাঁর অভিনীত প্রথম ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’এর প্রচারণার অংশ।

জাহিদ প্রীতম পরিচালিত সিনেমাটি চরকি অরিজিনাল হিসেবে আগামী ৭ অক্টোবর রাত ১২টায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। মুক্তির সময় ঘনিয়ে আসায় আবারও আলোচনায় এসেছে কেয়া পায়েলের সেই পোস্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কেউ কেউ জানতে চাইছেন, বাস্তবে কবে ‘হ্যাপিলি ম্যারিড’ হবেন অভিনেত্রী।

এবার সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন কেয়া। সিনেমাটি নিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বিয়ে নিয়ে তাঁর নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। ভাগ্যের ওপর বিশ্বাস রেখে তিনি অপেক্ষা করছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, বিয়ের সময় এলে সবাই তা জানতে পারবেন। এমনকি তাঁর নিজেরও মনে হয়, বিষয়টি হয়তো হঠাৎ করেই ঘটে যেতে পারে।

বর্তমানে বিয়ের চেয়ে অভিনয় নিয়েই বেশি ব্যস্ত কেয়া পায়েল। নাটকের পাশাপাশি বিজ্ঞাপন ও ফ্যাশন রানওয়েতেও কাজ করছেন তিনি। অক্টোবরের শুরুতে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। যাওয়ার আগে হাতে থাকা কাজগুলো শেষ করছেন। মাসের শেষদিকে দেশে ফেরার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

এদিকে হ্যাপিলি ম্যারিড দিয়েই ওয়েব ফিল্মে অভিষেক হচ্ছে কেয়া পায়েলের। দীর্ঘদিন ধরে ওয়েব কনটেন্টে অভিনয়ের প্রস্তাব পেলেও নিজের জন্য আলাদা ধরনের গল্প ও চরিত্রের অপেক্ষায় ছিলেন তিনি। তাঁর মতে, এই সিনেমায় দর্শক তাঁকে প্রচলিত নাটকের চরিত্রের বাইরে নতুনভাবে দেখতে পারবেন।

আরিফিন শুভর সঙ্গে প্রথমবার ওয়েব ফিল্মে কাজের অভিজ্ঞতাকেও ইতিবাচক বলে উল্লেখ করেছেন কেয়া। শুভর পেশাদারিত্ব, আন্তরিকতা ও সহযোগিতার প্রশংসা করে তিনি জানান, একসঙ্গে কাজ করতে গিয়ে শুরুতে থাকা তাঁর সংকোচও কেটে যায়। এখন দর্শকের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী।

তাসু/চখ