chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে ২টি পিস্তল ও বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ চোরাই ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে।

রোববার মধ্যরাতে উপজেলার টিএনটি কলোনি মোড়সংলগ্ন পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা তাদের সঙ্গে থাকা মালামাল ফেলে গহীন জঙ্গলে পালিয়ে যায়।

পরে বিজিবির সদস্যরা আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে দুটি ভারতীয় পিস্তল, ৩ রাউন্ড গুলি এবং শতাধিক কার্টন অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেন।

২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ চোরাচালান, অস্ত্র পাচার ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির জিরো টলারেন্স নীতি এবং কঠোর অভিযান অব্যাহত থাকবে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর