১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে এআই: বিল গেটস
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সম্ভাব্য মারাত্মক বিপদ নিয়ে গুরুতর সতর্কবার্তা উচ্চারণ করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। অসৎ মানুষের হাতে এ প্রযুক্তি পড়লে বিশ্বের বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি ঘটতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস বলেন, প্রযুক্তিটির ঝুঁকি কোনোভাবেই উপেক্ষা করা উচিত নয়। বিশেষ করে অসৎ উদ্দেশ্যসম্পন্ন ব্যক্তিদের হাতে সর্বাধুনিক এআই প্রযুক্তি গেলে তা ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। এআই এমন ঘটনা ঘটানোর মতো সক্ষমতা রাখে যার কারণে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে।
প্রযুক্তিটির ঝুঁকি কোনোভাবেই উপেক্ষা করা উচিত নয় উল্লেখ করে বিল গেটস জানান, শতভাগ নিশ্চিতভাবে এমন ঘটনা ঘটবে বলা কঠিন। তবে অসৎ উদ্দেশ্যে ব্যবহারযোগ্য সর্বশেষ এআই টুলগুলোর মতো এত শক্তিশালী কোনো অস্ত্র এর আগে মানবজাতি দেখেনি।
এআই ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা ও নজরদারি নিশ্চিত করতে কঠোর আইন প্রণয়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আইনপ্রণেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে অবিলম্বে আলোচনায় যুক্ত হতে হবে। এই নিরাপত্তাব্যবস্থা বাধ্যতামূলক হওয়া উচিত এবং এর ফলে প্রযুক্তি খাতের ওপর সামান্য কিছু প্রশাসনিক চাপ বাড়লেও এর ফলে এআই উন্নয়নের গতি মারাত্মকভাবে শ্লথ হবে না।
এদিকে বিল গেটসের এই সতর্কবার্তার মাত্র কয়েক দিন আগে যুক্তরাজ্যভিত্তিক অ্যালান টিউরিং ইনস্টিটিউটও এআই নিয়ে অত্যন্ত উদ্বেগজনক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মতে, আগামী পাঁচ বছরের মধ্যে এমন ‘সুপারইন্টেলিজেন্ট’ এআই ব্যবস্থা তৈরি হওয়ার বাস্তবসম্মত সম্ভাবনা রয়েছে যা মানুষের সক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে। প্রতিবেদনে বলা হয়, এআই এমন কৌশল তৈরি করতে সক্ষম হবে যেগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে মূল্যায়ন করতে পারবে না। এই প্রযুক্তির ওপর কার্যকর মানব নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারে। এ ছাড়া এআই-এর কারণে রাসায়নিক ও জৈবিক হুমকি বৃদ্ধি পাওয়া এবং তথ্য পরিবেশ ও গণতান্ত্রিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে মার্কিন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোদেই ফ্রন্টিয়ার এআইয়ের উন্নয়নে সাময়িক বিরতি দেওয়ার পাশাপাশি তৃতীয় পক্ষের মূল্যায়ন, অভিন্ন নিরাপত্তা মানদণ্ড এবং চীনের সঙ্গে আন্তর্জাতিক চুক্তির প্রস্তাব দিয়েছিলেন। প্রতিষ্ঠানটির পদত্যাগকারী হুইস্লব্লোয়ার জ্যাকব কক্সনও আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে কোম্পানিগুলো দায়িত্বশীল আচরণ না করে আত্ম-উন্নয়নশীল সুপার ইন্টেলিজেন্সের দিকে অন্ধ দৌড় দিয়ে মানবজীবন নিয়ে জুয়া খেলছে এবং বর্তমান দশকের শেষ নাগাদ এআই মানবজাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। অ্যানথ্রপিকের অ্যালাইনমেন্ট সায়েন্সের প্রধান ইভান হাবিঙ্গারও আগামী এক দশকের মধ্যে এ ধরনের বিপর্যয়ের সম্ভাবনা ১০ শতাংশের বেশি বলে মন্তব্য করেছেন।
তবে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন এর আগে জানিয়েছিলেন এআই খাতের নিয়ন্ত্রণের জন্য কংগ্রেস এখনই কোনো তাড়াহুড়ো করে আইন পাস করবে না এবং এ বিষয়ে তিনি আপাতত সংশ্লিষ্ট এআই কোম্পানিগুলোর ওপরই ভরসা রাখতে চান। তা সত্ত্বেও বিল গেটসসহ শীর্ষ প্রযুক্তিবিদদের জোরালো সতর্কবার্তার পর কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ফেডারেল বা রাষ্ট্রীয় পর্যায়ে কঠোর আইন প্রণয়নের দাবি এখন আরও জোরালো হয়েছে।
ফরিদা|চখ