টেকনাফে মানবপাচার চক্রের কবল থেকে ১৭ জন উদ্ধার
কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১৭ জনকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।
গত ২৫ সেপ্টেম্বর বিকেল ৫ টা ৪০ মিনিটে টেকনাফের দক্ষিণ লম্বরী এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
এসআরবি-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ব্যাটালিয়নের একটি আভিযানিক দল জানতে পারে, সংঘবদ্ধ একটি মানবপাচারকারী চক্র সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কয়েকজনকে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার মো. ইব্রাহীমের বসতবাড়িতে জড়ো করে রেখেছে।
এর ভিত্তিতে শুক্রবার বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে এসআরবি এর আভিযানিক দল। এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কৌশলে পালিয়ে যায়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৭ জন পুরুষকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে এসআরবি-১৫। তাদের মধ্যে বান্দরবানের লামা উপজেলার মো. জাফর আলম, মো. নুরুল হুদা, মো. শাহিন শাহরিয়ার হৃদয়, মো. বেলাল, মো. রফিকুল ইসলাম, মো. সাফায়েত হোসেন ও মো. জাফর আলম এবং কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামু, সদর ও টেকনাফ এলাকার মো. মামুনুর রশিদ, মো. তাফসির, মো. আশরাফ হোসেন, মো. বাবুল, মো. আনসার উদ্দিন, মো. নুরুল আফসার, মো. সাইফুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মো. জোবায়ের ও মো. নুর মোস্তফা রয়েছেন।
এসআরবি-১৫-এর প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রটি এসব মানুষকে জবরদস্তিমূলক শ্রমে নিয়োজিত করার ফাঁদে ফেলে নৌপথে বিদেশে পাচারের জন্য ওই বাড়িতে জড়ো করেছিল।
এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ লম্বরী থেকে ১৭ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে গেলেও তাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’
তিনি জানান, এ ঘটনায় পলাতক ও অজ্ঞাতনামা মানবপাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে এসআরবি-১৫-এর গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
তাসু/চখ