জাতিসংঘে ৩-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত শাসনব্যবস্থার ক্ষয়ক্ষতি কাটিয়ে দেশকে পুনর্নির্মাণে ‘৩-আর’ (থ্রি-আর) কৌশল বিশ্বের সামনে উপস্থাপন করেছেন তিনি। বৃহস্পতিবার নিউ ইয়র্কের স্থানীয় সময় বিকেল ৬টায় জাতিসংঘের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি সরকারের এ কৌশল তুলে ধরেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান সভাপতি ড. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকের স্বৈরাচারী শাসন-শোষণের অবসান ঘটিয়ে ২০২৪ সালে বাংলাদেশ মুক্ত হয়েছে। বিগত আমলের অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচারের মতো সংকট থেকে মুক্ত হয়ে দেশ পুনর্গঠন ও গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছে।
তিনি জানান, ক্ষতিগ্রস্ত দেশ পুনর্গঠনে বর্তমান সরকার উদ্ধার, পুনর্বাসন ও পুনর্নির্মাণ (রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন)—এ তিন ‘আর’ কৌশল অনুসরণ করছে। বক্তব্যে তিনি রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সহায়তার আহ্বান
তারেক রহমান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় কার্যকর ভূমিকা না নিলে রোহিঙ্গা ইস্যুটি আরও গভীর মানবিক সংকটে রূপ নিতে পারে। তিনি পরমাণু নিরস্ত্রীকরণের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরার পাশাপাশি ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন।
ভাষণে তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, নারী শিক্ষা, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যথাযথ ব্যবহারের ওপর বিশেষ জোর দেন। একই সঙ্গে সবার বসবাসের উপযোগী ‘সবার জন্য বাংলাদেশ’ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এবারের জাতিসংঘ অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। দীর্ঘ চার দশক পর এ অধিবেশনে সভাপতির আসনে রয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বাংলায় ভাষণ দিয়েছেন তারেক রহমান। বিশ্বসংস্থার এ অধিবেশনে ভাষণ দিয়ে তিনি তার পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। এর আগে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘের মঞ্চে ভাষণ দিয়েছিলেন।
ভাষণে বাবা-মায়ের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, “আমার বাবা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশ ও জনগণের পক্ষে কথা বলেছিলেন। একইভাবে আজ আমিও দেশের স্বার্থে এবং একটি শান্তিময় বিশ্ব গঠনের প্রত্যাশায় এখানে দাঁড়িয়েছি।”
ভাষণের শুরুতে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদ, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের আত্মত্যাগকারীদের স্মরণ করেন। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ায় দেশের গণতন্ত্রকামী জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
বৈশ্বিক সংঘাতের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, মানবসৃষ্ট সংঘাতের কারণে বিশ্বের বিভিন্ন স্থানে অশান্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হওয়ায় মানবিক সংকট তীব্র হচ্ছে। সংঘাতের কারণে বিশ্ব অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে এবং মূল্যস্ফীতি বাড়ছে।
ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত
তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, যেকোনো সংঘাতের সমাধান আলোচনা, কূটনৈতিক প্রক্রিয়া ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই হওয়া উচিত। আমাদের প্রত্যাশা একটি শান্তিময় ও মানবিক বিশ্বসমাজ, যেখানে অস্ত্র নয়—যুক্তি, কূটনীতি, শিক্ষা ও মানবতাই হবে পরিবর্তনের মূল হাতিয়ার।”
পরমাণু অস্ত্রের বিস্তার রোধ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শান্তিপ্রিয় জাতি হিসেবে বাংলাদেশ সর্বাত্মক নিরস্ত্রীকরণ ও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ফিলিস্তিনি জনগণের দুর্দশা নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের উদ্বেগ রয়েছে। আত্মনিয়ন্ত্রণাধিকার ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবির প্রতি বাংলাদেশ অবিচল সমর্থন অব্যাহত রাখবে।
পরমাণু নিরস্ত্রীকরণের পক্ষে অবস্থান
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকার কথা উল্লেখ করে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, নয় বছরেরও বেশি সময় ধরে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত ১২ লাখের বেশি রোহিঙ্গাকে মানবিক আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এর ফলে দেশের অর্থনীতি, পরিবেশ, নিরাপত্তা ও স্থানীয় জনগোষ্ঠীর ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে।
তিনি উল্লেখ করেন, রোহিঙ্গা সংকটের মূল মিয়ানমারে, তাই এর সমাধানও মিয়ানমারেই নিহিত। বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে সম্মান ও নিরাপত্তার সঙ্গে নিজ মাতৃভূমিতে ফিরিয়ে নেওয়াই একমাত্র স্থায়ী সমাধান।
জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের জীবন রক্ষাকারী সাহায্য সহযোগিতা অব্যাহত রাখতে হবে। এতে ব্যর্থ হলে ভবিষ্যতে সংকট আরও ভয়াবহ হতে পারে।
জলবায়ু ন্যায়বিচারে বৈশ্বিক পদক্ষেপের দাবি
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বৈশ্বিক পদক্ষেপের দাবি জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম। বৈশ্বিক কার্বন নিঃসরণে নগণ্য ভূমিকা সত্ত্বেও বাংলাদেশকে সবচেয়ে বেশি খেসারত দিতে হচ্ছে। তাই জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সহায়তার ক্ষেত্রে বাংলাদেশের জন্য ন্যায়সংগত বৈশ্বিক পদক্ষেপ প্রয়োজন।
পরিবেশ সুরক্ষায় ২৫ কোটি গাছ লাগানো ও ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচির কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা ব্যারেজ প্রকল্প ও সুন্দরবনে স্বাদু পানির প্রবাহ বৃদ্ধির মতো উদ্যোগের কথা উল্লেখ করেন।
নারী শিক্ষা ও ক্ষমতারয়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। তাই আর্থসামাজিক রূপান্তরে নারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। স্নাতক পর্যায় পর্যন্ত নারীদের অবৈতনিক শিক্ষার সুযোগ প্রদানসহ ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, স্পোর্টস কার্ড ও ই-হেলথ কার্ডের মতো জনকল্যাণমুখী কর্মসূচি চালু করা হয়েছে। জনগণের কাছে দেওয়া ৩১ দফা রূপরেখা সরকার দ্রুত বাস্তবায়ন করছে।
সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ
প্রযুক্তি ও ভবিষ্যৎ বিশ্ব প্রসঙ্গে তিনি বলেন, “আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ও বায়ো-টেকনোলোজির যুগে প্রবেশ করছি। তবে প্রযুক্তির সুফল এখনও সব মানুষের কাছে সমানভাবে পৌঁছায়নি। বাংলাদেশের তরুণ প্রজন্মের ডিজিটাল সক্ষমতাকে কাজে লাগাতে জ্ঞান ও গবেষণার সুযোগ প্রসারিত করতে হবে।”
তিনি আরও বলেন, ডিজিটাল বৈষম্য যেন ভবিষ্যতে এআই বৈষম্যে পরিণত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এআই ও সোশ্যাল মিডিয়ার ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে জাতিসংঘের কার্যকর নীতিমালা প্রণয়ন করা জরুরি।
বিনিয়োগবান্ধব বাংলাদেশ গড়ার অঙ্গীকার
বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পথে রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ প্রক্রিয়া টেকসই করতে সুনির্দিষ্ট অর্থায়ন, বাজারে প্রবেশাধিকার এবং প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে বৈশ্বিক সহায়তা অব্যাহত রাখতে হবে।
তিনি জোর দিয়ে বলেন, “আমরা এমন একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার, নিরাপত্তা ও সম্মান নিয়ে বসবাস করতে পারবে।”
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার বিষয়ে তিনি বলেন, দেশে সুশাসন, রাজনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা হয়েছে।
ভাষণের শেষে প্রধানমন্ত্রী বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে তরুণরা নির্বিঘ্নে স্বপ্ন পূরণ করতে পারবে, নারীরা আত্মবিশ্বাসের সঙ্গে পথ চলবে এবং প্রতিটি শিশু পূর্ণ সম্ভাবনা নিয়ে বেড়ে উঠবে। এটিই আমাদের অঙ্গীকার—’সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ’।”
ফরিদা|চখ