পটিয়ায় শিক্ষার্থীদের মেধা-সৃজনশীলতার স্বীকৃতি, দেওয়া হলো বৃত্তি ও পুরস্কার
চট্টগ্রামের পটিয়া উপজেলা হাইদগাঁও ইউনিয়ন প্রতিভা সন্ধানী বৃত্তি-২০২৫ এবং মাসিক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পটিয়ার হাইদগাঁও গাউছিয়া কমিউনিটি সেন্টারে জাঁকজমকপূর্ণ ভাবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মো. জামাল উদ্দিন এর সভাপতিত্বে ও জয়নাল আবেদিন এর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশের উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব মো. ইলিয়াছ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের উপপরিচালক প্রফেসর মুহাম্মদ একরামুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. তৌহিদুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া ইসলামী ব্যাংক শাখার ইন্সপেক্টর জসিম উদ্দিন, মালিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (অব.) মো. সিরাজুল ইসলাম, পটিয়া দলিল লেখক সমিতির সভাপতি সামশুদ্দোহা,হাইদগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আজমল হোসেন জামান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ মো. ওমর ফারুক, বাংলাদেশ কৃষি ব্যাংক পটিয়া শাখার উপশাখা কর্মকর্তা সিরাজুল হক সুমন, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী ও বাংলাদেশ কৃষি ব্যাংকের আইন উপদেষ্টা অ্যাডভোকেট আবু মো. ইউসুফ সোহেল এবং চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আহমদুর রহমান ছোটন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মুহাম্মদ একরামুল হক বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীল প্রতিভার বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীল চর্চায় মনোযোগী হতে হবে। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তাই তাদের সুশিক্ষায় শিক্ষিত করে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি হাইদগাঁও উন্নয়ন ফোরামের এ উদ্যোগকে স্বাগত জানান এবং শিক্ষার প্রসারে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানো এবং তাদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে হাইদগাঁও প্রতিভা সন্ধানী বৃত্তি প্রদান এবং মাসিক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার মানোন্নয়নে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
তাসু/চখ