কাজীর দেউড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পেশাদার ডাকাতদলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কোতোয়ালী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সেকান্তর মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন- আবুল কালাম ওরফে কামরুল প্রকাশ সোহাগ (২২), মো. জাফর আহম্মেদ (২৬), সালাউদ্দিন ওরফে ইদ্রিস (২৬) ও মো. রবিউল হাসান জিহাদ (২৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে নগরীর কাজীর দেউড়ি দক্ষিণ স্টেডিয়াম গেট সংলগ্ন এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানা পুলিশ। এ সময় হাতেনাতে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ছোরা উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানা পুলিশের এসআই মো. সেকান্তর মিয়া জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সোমবার সকালে কোতোয়ালী থানায় একটি মামলা করা হয়েছে। মামলার পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ফরিদা|চখ