চকরিয়ায় বিশেষ অভিযানে বিপুল অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৬
কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে চকরিয়া থানা পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার রাতে চকরিয়া থানাধীন লাল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হালকাচা পাড়া এলাকায় অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
প্রথম অভিযানে গ্রেপ্তাররা হলেন- উত্তম রাজিব (৩৬), ননি উদ্দিন ওরফে ননি ডাকাত (৪০), জসিম উদ্দিন জসু ডাকাত (২৬), মো. সাগর রানা (২০) ও জাহানারা বেগম (৪৫)। পরে বদরখালী ইউনিয়নের হালকাচা পাড়া থেকে শহর বানু (৫৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে একটি দেশীয় তৈরি দুইনলা রাইফেল, একটি দেশীয় তৈরি একনলা রাইফেল, একটি দেশীয় শটগান, ৫০ রাউন্ড রাইফেলের গুলি, ৫৫ রাউন্ড পিস্তলের গুলি, দুই রাউন্ড তাজা শটগানের কার্তুজ, দুই রাউন্ড শটগানের কার্তুজের খোসা, একটি ক্লিনিং রড, অস্ত্র তৈরির সরঞ্জাম, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও তিনটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হালকাচা পাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শহর বানু (৫৫)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বসতঘরের পেছনের পুকুর থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতর থেকে ৮২৫ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা স্বীকার করেছে—তারা বিভিন্ন স্থানে অস্ত্র ও গুলি তৈরি করে অন্য ডাকাতদের কাছে ভাড়া দিত। এসব অস্ত্র ব্যবহার করে চকরিয়া থানাসহ আশপাশের এলাকায় সড়ক ডাকাতি ও বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত করা হতো। অস্ত্রের মাধ্যমে নিরীহ মানুষকে জিম্মি করে ডাকাতির পরিকল্পনা ও কার্যক্রমের সঙ্গে তাদের সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে।
এ ছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ডাকাতির সঙ্গে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আরও কয়েকজনের নাম পাওয়া গেছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও হত্যা মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত আইনে পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) আবদুল আজিজ বলেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী মাদক, অবৈধ অস্ত্র, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে চকরিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এর পাশাপাশি অপরাধমুক্ত চকরিয়া গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) আবদুল আজিজ।
তাসু/চখ