chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চকবাজারে সিএনজি থেকে ৩৯২০ ইয়াবা উদ্ধার, আটক ১

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় সিএনজি অটোরিকশায় করে ইয়াবা পরিবহনের সময় মো. সেলিম (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় তার কাছ থেকে ৩ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

র‌্যাব-৭ জানায়, কয়েকজন মাদক কারবারি সিএনজি অটোরিকশাযোগে ইয়াবা নিয়ে নগরীর আন্দারকিল্লা থেকে নবাব সিরাজদ্দৌলা রোড হয়ে বহদ্দারহাটের দিকে যাচ্ছে। এর ভিত্তিতে শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে চকবাজার থানাধীন নবাব সিরাজদ্দৌলা রোডের প্যারেড ময়দানের উত্তর-পূর্ব কোণে চেকপোস্ট বসায় র‌্যাবের একটি দল।

এ সময় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির যাত্রী আসনের পেছনে বিশেষ কৌশলে রাখা একটি লাল শপিং ব্যাগ পাওয়া যায়। ব্যাগের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক সেলিমের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার দুর্গাপুর এলাকায় বলে জানিয়েছে র‌্যাব। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৮০ হাজার টাকা।

র‌্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে চকবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর