chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফটিকছড়িতে ডেভিড ইমনের সহযোগী শীর্ষ সন্ত্রাসী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের অন্যতম সহযোগী মো. হারুন প্রকাশ ‘ডাবা হারুন’ (৪৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের একটি দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ডাবা হারুন কারাবন্দী শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও কালা মোবারক বাহিনীর অন্যতম সক্রিয় সদস্য।

তিনি কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের হাজী চৌধুরী বাড়ির মো. বদিউল আলমের ছেলে এবং দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি থানা-পুলিশের একটি বিশেষ দল মানিকপুরের দুর্গম পাহাড়ি অঞ্চলে অভিযান পরিচালনা করে তাঁকে আটক করতে সক্ষম হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ফটিকছড়ি থানায় একাধিক অপরাধের অভিযোগ রয়েছে এবং তিনি একটি ডাকাতি মামলার এজাহারনামীয় অন্যতম প্রধান আসামি।

তাঁকে থানায় নিয়ে আসা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট মামলায় আদালত সোপর্দ করা হবে।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর