‘মাদক কারবারিদের ভয় পাওয়ার কারণ নেই, পিটিয়ে আইনের হাতে তোলে দিতে হবে’
কক্সবাজারের টেকনাফ উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা দিয়ে মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় টেকনাফ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়াম কক্ষে আয়োজিত ‘বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত টেকনাফ ঘোষণা’ এবং জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও ‘নতুন কুঁড়ি’ বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনিক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, ‘আজ থেকে টেকনাফকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও মাদকমুক্ত ঘোষণা করলাম। কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে হবে। একইভাবে কোনো শিশু শ্রমে নিয়োজিত থাকলে তার প্রতিবাদ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।’
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মাদক কারবারিদের কোনোভাবেই আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না। এলাকায় কোনো মাদক কারবারিকে শনাক্ত করলে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে আইনের আওতায় আনতে হবে।’
স্থানীয়দের উদ্দেশে তিনি আরও বলেন, ‘মাদক কারবারিদের ভয় পাওয়ার কারণ নেই। এলাকায় মাদক কারবারি দেখলে পিটিয়ে আইনের হাতে তোলে দিতে হবে। জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনী জনগণের পাশে রয়েছে। মাদকমুক্ত টেকনাফ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। টেকনাফকে মাদক, বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত করতে জনপ্রতিনিধি, প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’
সভাপতির বক্তব্যে ইউএনও এস এম অনিক চৌধুরী বলেন, ‘টেকনাফকে মাদক, বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোনো শিশু অর্থের অভাবে পড়াশোনা করতে না পারলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’
অনুষ্ঠানে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. এনামুল হক, সমবায় কর্মকর্তা মোহাম্মদ তাহের, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্কুল-কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষক, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, কৃতি শিক্ষার্থী এবং ‘নতুন কুঁড়ি’ বিজয়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী উপস্থিত সবাইকে মাদক, বাল্যবিবাহ ও শিশুশ্রমের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করান। এ সময় উপস্থিত সবাই—“মাদককে না বলি, বাল্যবিবাহকে না বলি, শিশুশ্রমকে না বলি”— এই অঙ্গীকার ব্যক্ত করেন।
মআ/চখ