chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হানিফ পরিবহনের বাসে ৪০ হাজার ইয়াবা, চালক-হেলপার আটক

চট্টগ্রামে হানিফ পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় বাসটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে। একই সঙ্গে বাসটি জব্দ করা হয়।

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের মুজাফরাবাদ কলেজের পশ্চিম পাশে এ অভিযান চালানো হয়।

আটক দুজন হলেন মো. হোসেন (৪৬) ও মো. পারবেছ মিয়া (৩৩)। হোসেন বাসটির চালক এবং পারবেছ হেলপার হিসেবে কাজ করতেন।

ডিএনসি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত একটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ঢাকাগামী ঢাকা মেট্রো-ব-১৫-৭৯৮৩ নম্বরের হানিফ পরিবহনের বাসটিতে তল্লাশি করা হয়। বাসের ব্যাটারি টুল বক্সের পাশে বিশেষ কায়দায় তৈরি একটি চেম্বার পাওয়া যায়। ওই চেম্বারের ভেতর বক্সের মতো করে রাখা ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

ডিএনসির ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোপন অনুসন্ধানে তাঁরা জানতে পেরেছেন, যাত্রী পরিবহনের আড়ালে বাসটি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে চট্টগ্রাম ও ঢাকায় ইয়াবা পাচারের কাজে ব্যবহার হয়ে আসছিল।

এ ঘটনায় ডিএনসির পরিদর্শক লোকাশিষ চাকমা বাদী হয়ে পটিয়া থানায় মামলা করেছেন। মামলায় আটক দুজনকে আসামি করা হয়েছে।
ফরিদা|চখ

এই বিভাগের আরও খবর