chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টেকনাফে আলোচিত নৈশপ্রহরী হত্যা মামলার আসামি ধরা

কক্সবাজারের টেকনাফে আলোচিত নৈশপ্রহরী নাজির হোসেন হত্যা মামলার এজাহারনামীয় ৫ নম্বর আসামি মো. রিদুয়ানকে যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ ও পুলিশ। হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত আসামি মো. রিদুয়ান (২৬) টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া এলাকার মৃত কবির আহমদ ওরফে কবির মাঝির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় আধিপত্য বিস্তারের জন্য সন্ত্রাসী আরিফের নেতৃত্বে প্রতিদিন এলাকার লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করা হয়। এরই ধারাবাহিকতায় গত ৯ সেপ্টেম্বর রাতে সন্ত্রাসীদের সঙ্গে স্থানীয়দের কথা-কাটাকাটির একপর্যায়ে আরিফের নেতৃত্বাধীন একটি দল অস্ত্র, কিরিচ, লোহার রড ও ধারালো ছুরি নিয়ে হামলা চালায়। এ সময় নৈশপ্রহরী নাজির হোসেনকে রড দিয়ে মারধরের পর বুকের ডান পাশে ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে র‌্যাবের ভাষ্য অনুযায়ী, মামলার এজাহারনামীয় ৫ নম্বর আসামি মো. রিদুয়ান হাতে থাকা লোহার রড দিয়ে নাজির হোসেনের পিঠের শিরদাঁড়ায় আঘাত করে গুরুতর জখম করেন। এ ছাড়া মামলার অন্যান্য আসামিরাও দেশীয় অস্ত্র দিয়ে নাজির হোসেনকে আঘাত করে।

এ বিষয়ে আ. ম. ফারুক বলেন, চাঞ্চল্যকর নৈশপ্রহরী হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‌্যাব-১৫-এর টেকনাফ ক্যাম্প ও মডেল থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত দেড়টার দিকে সদরের হাবিরছড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ৫ নম্বর আসামি রিদুয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর