নাইক্ষ্যংছড়িতে বিপুল ইয়াবাসহ আটক ১
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ সাহেদুল ইসলাম জিহাদ (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের উত্তর সালামি পাড়া এলাকায় রহিম স্টোরের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, জেলা বিশেষ শাখার (ডিএসবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকের দিকনির্দেশনায় পুলিশের একটি দল উত্তর সালামি পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় সন্দেহজনক অবস্থায় সাহেদুল ইসলাম জিহাদকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করেছে।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, উদ্ধার করা ইয়াবাগুলো মাদক পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল কি না এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত অফিসার কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও এর সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান আরও জোরদার করা হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন, মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যাতে আইনের আওতা থেকে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।