পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার
কক্সবাজারের পেকুয়ায় চাঞ্চল্যকর ও বহুল আলোচিত হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মোহাম্মদ সিফাত (২৬) কে টেকনাফে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ ও র্যাব-৭।
শনিবার মধ্যরাতে র্যাব-১৫ এর র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বটতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব প্রাথমিক অনুসন্ধানে জানতে পারে, পেকুয়া থানার একটি এলাকায় মালয়েশিয়া প্রবাসীর ঘরের দরজা খোলার ঘটনাকে কেন্দ্র করে মোহাম্মদ সিফাত ও তার সহযোগীদের সঙ্গে বাদীর পরিবারের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে গত ২৬ জুন রাত সাড়ে ৯টার দিকে সিফাত, নাজেম উদ্দিন, মোহাম্মদ বাহাদুরসহ অজ্ঞাতনামা কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বাড়িতে হামলা চালায়।
এ সময় হামলাকারীরা ধারালো কিরিচ, লোহার হাতুড়ি ও লোহার রড দিয়ে বাদী ও তার বাবাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আহত দুজনকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদীর বাবাকে মৃত ঘোষণা করেন।
র্যাব জানায়, এ ঘটনায় ২৮ জুন পেকুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে প্রধান আসামি সিফাত গ্রেপ্তার এড়াতে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ ও র্যাব-৭-এর যৌথ আভিযানিক দল টেকনাফের মহেশখালীয়া পাড়া বটতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে পেকুয়ার হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মোহাম্মদ সিফাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তাসু/চখ