চট্টগ্রামে ডেঙ্গুতে প্রসূতির মৃত্যু, মারা গেল গর্ভের সন্তানও
চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অর্পিতা দাশ (২৬) নামের ৩৫ সপ্তাহের এক গর্ভবতী নারীর করুণ মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তাঁর গর্ভস্থ মৃত পুত্র সন্তান প্রসব হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মায়ের মৃত্যুর পর পর মৃত পুত্র সন্তান প্রসব হয়। এর আগে গত বৃহস্পতিবার সন্তান জন্মদানের এক মাস পর ডেঙ্গুতে মারা যান রাশেদা বেগম রিমা নামে এক নারী।
পারিবারিক সূত্রে জানা গেছে, অর্পিতা দাশ চট্টগ্রাম কাস্টমসের কর্মী মিঠুন চৌধুরীর স্ত্রী।
চলতি মাসের প্রথম সপ্তাহে জ্বর অনুভব করলে পরীক্ষা-নিরীক্ষার পর ৬ সেপ্টেম্বর তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। পরবর্তী সময়ে শারীরিক অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতালের চিকিৎসকেরা জানান, অর্পিতা ডেঙ্গু এক্সপ্যান্ডেড সিন্ড্রোমে ভুগছিলেন।
গত বছরের ১৬ অক্টোবর বিয়ে করেছিলেন এই দম্পতি। সন্তানের জন্মদানের সম্ভাব্য সময় ছিল আগামী ১২ অক্টোবর। আস্তে আস্তে সেই পথেই এগোচ্ছিল সবকিছু। কিন্তু সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের শেষদিকে জ্বর হয় অর্পিতার। পরে ৭ সেপ্টেম্বর মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল অর্পিতাকে।
২৪ সেপ্টেম্বর ছিল অর্পিতার ২৬তম জন্মদিন। সেই জন্মমাসেই পৃথিবীকে বিদায় জানালেন তিনি।
ফরিদা|চখ