ইপিজেডে পেশাদার জুয়াড়ি ওসমান গণি গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন আকমল আলী এলাকা থেকে মো. ওসমান গণি (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার দিকে আকমল আলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওসমান গণি চট্টগ্রামের হাটহাজারী থানার ১১ নম্বর ফতেপুর ইউনিয়নের ফতেপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ইপিজেড থানাধীন আকমল আলী রোড এলাকায় বসবাস করছিলেন।
পুলিশের দাবি, তিনি একজন পেশাদার জুয়াড়ি এবং ইপিজেড থানার বিভিন্ন এলাকায় জুয়ার আসর বসানোর সঙ্গে জড়িত।
পুলিশ ও স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দুর্গম ও নির্জন এলাকায় টাকার বিনিময়ে জুয়া খেলার জন্য আসর ও জুয়ার ঘর তৈরিতে ওসমান গণির ভূমিকা রয়েছে। এছাড়া জুয়াড়িদের আশ্রয়, প্ররোচনা ও সহায়তা দিয়ে বিভিন্ন এলাকায় জুয়ার আসর পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশের তথ্য অনুযায়ী, জুয়া খেলা ও আয়োজনের অভিযোগে ওসমান গণির বিরুদ্ধে ইপিজেড থানায় আরও দুটি মামলা রয়েছে। এছাড়া সর্বশেষ গ্রেপ্তারের ঘটনায় ১২ সেপ্টেম্বর ইপিজেড থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, গ্রেপ্তার আসামিকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে ।
ফরিদা|চখ