chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযানে মিলেছে ৭০ বোতল মদ

বাসা থেকে বিদেশি মদ উদ্ধারের ঘটনায় বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু শাকিলকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল।

বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ আবু শাকিলকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মহানগর ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

বুধবার রাতে মধ্যম গোসাইলডাঙ্গা এলাকায় আবু শাকিলের বাসায় অভিযান চালিয়ে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধারের দাবি করে পুলিশ। এ সময় মদ কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুষ্পেন ব্যানার্জী (৫৮) ও শামসুল ইসলাম (৪৭) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আবু শাকিল ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানানো হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার বিকেল ৩টা ৪০ মিনিটে বারেক বিল্ডিং এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির দক্ষিণ বিভাগের একটি দল মধ্যম গোসাইলডাঙ্গা এলাকায় মদ কেনাবেচার তথ্য পায়। পরে ডিবির সদস্যরা ক্রেতা সেজে ওই এলাকায় গিয়ে সংশ্লিষ্ট বাসায় প্রবেশ করেন। একপর্যায়ে তাদের আবু শাকিলের শয়নকক্ষের সামনে নিয়ে যাওয়া হয়। ডিবির উপস্থিতি টের পেয়ে আবু শাকিল সেখান থেকে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে পুষ্পেন ব্যানার্জী ও শামসুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আবু শাকিলের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পুলিশের হিসাবে উদ্ধার করা মদের আনুমানিক মূল্য ১০ লাখ ৯৫ হাজার টাকা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (মিডিয়া ও জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, গ্রেপ্তার দুই ব্যক্তি এবং পলাতক আবু শাকিলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বন্দর থানায় মামলা করা হয়েছে।

 

মআ/চখ

এই বিভাগের আরও খবর